২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনি স্পিকারকে বন্দি করেছে ইসরায়েল

বর্তমানে ফিলিস্তিন পার্লামেন্টের ২০ জনের বেশি সদস্য ইসরায়েলের কারাগারে বন্দি রয়েছেন। তার সঙ্গে যোগ হলেন আজিজ দেইক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2012, 03:59 PM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতির দাবিতে সংগ্রামরত ফিলিস্তিনিদের পার্লামেন্ট স্পিকার আজিজ দেইককে ইসরায়েলি সেনারা বন্দি করেছে। বৃহস্পতিবার রাতে পশ্চিম তীরের নিকটবর্তী একটি সেনা তল্লাসি চৌকি থেকে তাকে আটক করা হয় বলে বলে সিএনএন জানিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের বার্তা সংস্থা ডব্লিউএএফএ’র বরাত দিয়ে সিএনএন’র প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরের হেবরন শহরে যাওয়ার পথে গ্রেপ্তার হন দেইক। দেইক পার্লামেন্টে ফিলিস্তিনি কট্টরপন্থী গোষ্ঠী হামাসের প্রতিনিধিত্ব করছেন। মানবাধিকারকর্মীরা বলছে, এ গ্রেপ্তারের মধ্য দিয়ে ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনি পার্লামেন্ট সদস্যদের সংখ্যায় আরো একজন যোগ হলেন। পার্লামেন্ট সদস্যদের গ্রেপ্তারের ঘটনা হরহামেশাই ঘটাচ্ছে যুক্তরাষ্ট্রের মিত্র এই রাষ্ট্রটি। ফিলিস্তিনি বন্দি সাপোর্ট গ্র“প অ্যাডামার বলেছে, বর্তমানে ফিলিস্তিন পার্লামেন্টের ২০ জনের বেশি সদস্য ইসরায়েলের কারাগারে বন্দি রয়েছেন। এই সংখ্যা ফিলিস্তিনের মোট পার্লামেন্ট সদস্যের প্রায় এক-ষষ্ঠাংশ, দেশটির পার্লামেন্টের সদস্য ১৩২ জন। বার্তা সংস্থা ডব্লিউএএফএ জানায়, প্যালেস্টাইনিয়ান লেজিসলেটিভ কাউন্সিলের স্পিকারকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারের আগে তাকে হাতকড়া পরা ও চোখ বাঁধা অবস্থায় দুই ঘণ্টা আটকে রাখা হয়। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, সন্ত্রাসীদের সঙ্গে জড়িত সন্দেহে দেইককে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ২০০৬ সালেও একবার দেইককে গ্রেপ্তার করে ইসরায়েলি সেনাবাহিনী। তখন নিষিদ্ধ একটি সংগঠনের সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ আনে ইসরায়েল। ইসরায়েলি সেনা সদস্য গিলাদ শালিতকে অপহরণের পর গাজা নিয়ন্ত্রণ সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে দমন অভিযান চালানোর অংশ হিসেবে তখন দেইককে গ্রেপ্তার করা হয়েছিল বলে সিএনএন বলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/২১৫৫ ঘ.