২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানকে গোপনে চিঠি দিয়েছেন ওবামা

সরাসরি আলোচনার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে একটি গোপন চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2012, 08:44 AM

Updated : 24 Aug 2022, 10:37 AM

ঢাকা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরাসরি আলোচনার আহ্বান জানিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে একটি গোপন চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সেই সঙ্গে হরমুজ প্রণালী বন্ধ বিষয়ে ওবামা হুঁশিয়ারিও দিয়েছেন বলে ইরানের এক আইনপ্রণেতার বরাত দিয়ে বুধবার টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে। আইনপ্রণেতা আলি মোতাহারি চিঠির বিষয়টি প্রকাশ করার কয়েকদিন আগে হরমুজ প্রণালীর সরকারি ও বেসরকারি পথ দিয়ে তেল সরবরাহ বন্ধ বিষয়ে ইরানকে হুঁশিয়ারি দেয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার হুমকি দেয় তেহরান। মোতাহারির উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়াতে বলা হয়েছে, “ওই চিঠিতে ইরানের সঙ্গে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন ওবামা।” এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রেমিন মেহমানপরাস্ত চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এবং তেহরান জবাব দেয়ার কথা বিবেচনা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৩৮ ঘ.