নিউ ইয়র্ক, জানুয়ারি ২২ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- খাটো পুরুষদের তুলনায় লম্বা পুরুষদের ‘হার্ট ফেইলিউর’র ঝুঁকি কম থাকে।
সম্প্রতি বোস্টনের গবেষকদের পরিচালিত এক গবেষণায় একথা জানা গেছে। আমেরিকান জার্নাল অব কার্ডিওলজিতে এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে।
হৃদরোগ ও ক্যান্সার আক্রান্ত ২২ হাজার পুরুষ চিকিৎসকের ওপর এ গবেষণা চালানো হয় যারা গড়ে মধ্য ৫০ বছর বয়সেই এতে আক্রান্ত হন।
উচ্চতা, ওজন ও স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে প্রাথমিক কিছু জিজ্ঞাসার পর তাদেরকে বেশ কয়েক বছর ধরে পর্যবেক্ষণে রাখা হয়।
২২ বছরের গড় পর্যবেক্ষণ শেষে দেখা যায়, গবেষণায় অংশগ্রহণকারীদের ১ হাজার ৪শ’ ৪৪ জন বা ৭ শতাংশ ‘হার্ট ফেইলিওর’-এ আক্রান্ত হয়েছে।
আর এতে দেখা যায়, অংশগ্রহণকারীদের মধ্যে ৫ ফুট ৮ ইঞ্চি বা তার চেয়ে কম উচ্চতার ব্যক্তিদের তুলনায় ৬ ফুট বা তার বেশি উচ্চতার ব্যক্তিদের ‘হার্ট ফেইলিওর’র ঝুঁকি ২৪ শতাংশ কম ছিলো। গবেষণায় তাদের বয়স, ওজন, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস ইত্যাদি সব কিছুকেই বিবেচনায় রাখা হয়।
গবেষকরা জানান, বাড়তি কয়েক সেন্টিমিটারের উচ্চতা হৃদযন্ত্র অর্থাৎ হার্টকে রক্ষা করে- এ ধরনের কোনো প্রমাণ পাওয়া না গেলেও লম্বা ও খাটো মানুষরা বিভিন্ন দিক দিয়ে আলাদা হতে পারে।
প্রধান গবেষক এবং ব্রিঘাম অ্যান্ড উইমেনস হসপিটাল ও হার্ভার্ড মেডিকেল সেন্টারের লুক জোসি বলেন, “উচ্চতা যে কিছু করতে পারে নির্দিষ্টভাবে এ গবেষনায় তা বলা হয়নি।”
তবে গবেষকরা জানান, হার্ট এবং কয়েকটি ধমনী ও রক্তনালীর মধ্যকার দূরত্বের মতো লম্বা লোকদের কিছু জৈব বৈশিষ্ট্যের কারণে হার্টের সমস্যার ঝুঁকি কম হতে পারে।
ইউনিভার্সিটি অব পিটসবার্গ মেডিকেল সেন্টারের কার্ডিলজিস্ট জেফরি টুটেবাগ বলেন, এসব বিষয়কে বিবেচনায় নিলেও এ ফলাফলের জন্য যে আর কোনো কারণ দায়ী নয় গবেষণায় এমনটা প্রমাণিত হয়নি।
তিনি অবশ্য এ গবেষণায় অংশ নেননি।
হার্টের ঝুঁকির ক্ষেত্রে উচ্চতা যে খুব বড় বিবেচ্য বিষয় নয় তা উল্লেখ করে তিনি বলেন, “আপনি যদি লম্বা হন তাহলে এসব ঝুঁকি নেই আর খাটো হলে এমন ঝুঁকি রয়েছে- গবেষণার ফলাফল এমন হওয়া উচিত নয়।”
অনেকের মতে, গবেষণায় অংশগ্রহণকারীদের আর্থিক স্বচ্ছলতা বা অসচ্ছলতা এবং বেড়ে ওঠার সময় কি পরিমাণ পুষ্টি তারা গ্রহণ করেছেন তাও তাদের উচ্চতা ও হার্টের সার্বিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৪০ ঘ.
bdnews24