রায় বেরিলি, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের অন্যতম উত্তরাধিকারী প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের উত্তর প্রদেশের নির্বাচনী প্রচারণায় যোগ দিয়েছেন। তবে ভাই রাহুল গান্ধীর আহ্বানেই নির্বাচনী প্রচারে যোগ দিয়েছেন বলে তিনি জানিয়েছেন ।
উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থীর পক্ষে মঙ্গলবার তিনি রায় বেরিলিতে প্রচারণা চালান। লোকসভার আসনে এ এলাকা থেকেই নির্বাচিত হয়েছেন প্রিয়াঙ্কার মা কংগ্রেস পার্টির প্রধান সোনিয়া গান্ধী ।
আগামী ৮, ১১, ১৫, ১৯, ২৩, ২৮ ফেব্র“য়ারি এবং ৩ মার্চ সাত ধাপে উত্তর প্রদেশের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
ভারতের পার্লামেন্ট তথা লোকসভার নির্বাচনে উত্তর প্রদেশের নির্বাচনের গুরুত্ব অনেক। ভারতের রাজ্যগুলোর মধ্যে উত্তর প্রদেশের লোকসংখ্যাই সবচেয়ে বেশি।
প্রিয়াঙ্কা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন তিনি ভাই রাহুলের হয়েই কাজ করছেন। অন্যতম সাধারণ সম্পাদক হিসেবে কংগ্রেসের উত্তর প্রদেশের নির্বাচন পরিচালনা প্রধান হিসেবে কাজ করছেন রাহুল।
কিন্তু উত্তর প্রদেশের একটি দারিদ্রপীড়িত এলাকায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রাহুলের আশপাশে যখন গণমাধ্যমকর্মীদের ভিড় নেই তখন প্রিয়াঙ্কার আশপাশে গণমাধ্যমকর্মীদের ভিড় লেগে ছিলো।
অনেকেই তাকে দেখছেন তার দাদী ভারতের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিরূপ হিসেবে। চল্লিশ বছর বয়স্ক প্রিয়াঙ্কা দেখতেও অনেকটা ইন্দিরা গান্ধীর মতোই।
তিনি বেশ সাবলিলভাবে রাজনৈতিক সমাবেশগুলো সামাল দিচ্ছেন। রাহুল চাইলে তিনি রাজনৈতিকভাবে আরো সক্রিয় হয়ে উঠবেন বলেও ইঙ্গিত দিয়েছেন।
আগামী নির্বাচনে দাঁড়াচ্ছেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হেসে তিনি বলেন, “আমাকে কতোটা প্রয়োজন তা রাহুলই ঠিক করবে। রাহুল যদি চায়, আমি শুধু নির্বাচনী প্রচারণায় অংশ নেব, তাহলে আমি তাই করব।”
“রাহুলের প্রয়োজনে আমাকে যা করতে হবে আমি তাই করবো,’ বলেন তিনি।
একটি বিরাট গাড়ি বহর নিয়ে এক নির্বাচনী সভা থেকে আরেক নির্বাচনী সভায় ছুটছেন প্রিয়ঙ্কা। অবশ্য রাজ্যের যে সব এলাকা গান্ধী পরিবারের ঘাঁটি হিসেবে পরিচিত সেসব এলাকায়ই তার এ নির্বাচনী সফর সীমাবদ্ধ।
তবে অনেকেই চান তিনি সক্রিয় রাজনীতিতে আসুন। যেমন ববিতা সিং। উজ্জ্বল রংয়ের শাড়ি পড়ে প্রিয়াঙ্কাকে দেখার জন্য অপেক্ষমান নারীদের মধ্যে তিনি একজন।
বলেন, “তাকে রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার অনুরোধ জানাতেই আমরা এখানে এসেছি। আমেথির সবাই তার অপেক্ষায়, আমরা তার মধ্যে ইন্দিরার ছায়া দেখি।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৪৪ ঘ.
bdnews24