২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করলেন ইয়াহুর সহপ্রতিষ্ঠাতা জেরি ইয়াং

জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন ইয়াহুর সহপ্রতিষ্ঠাতা জেরি ইয়াং পদত্যাগ করেছেন। ১৯৯৫ সালে ডেভিড ফিলোর সঙ্গে যৌথভাবে তথ্যপ্রযুক্তির এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন ইয়াং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2012, 05:22 AM

Updated : 24 Aug 2022, 10:36 AM

সান ফ্রান্সিসকো, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জনপ্রিয় ইন্টারনেট সার্চ ইঞ্জিন ইয়াহুর সহপ্রতিষ্ঠাতা জেরি ইয়াং পদত্যাগ করেছেন। ১৯৯৫ সালে ডেভিড ফিলোর সঙ্গে যৌথভাবে তথ্যপ্রযুক্তির এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন ইয়াং। তথ্যপ্রযুক্তির বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান পেপলের সাবেক নির্বাহী স্কট থম্পসন ইয়াহুর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দেওয়ার দুই সপ্তাহের মাথায় পদত্যাগ করলেন তিনি। ইয়াহুর সহপ্রতিষ্ঠাতা ইয়াং ২০০৭ সালের জুন মাস থেকে ২০০৯ সালের জানুয়ারি মাস পর্যন্ত প্রতিষ্ঠানটির সিইও হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯০-এর দশকে তথ্যপ্রযুক্তিতে শীর্ষস্থানে থাকা ইয়াহুর সহপ্রতিষ্ঠাতা পদত্যাগ করলেও বর্তমান ব্যবস্থাপনা পর্ষদের প্রতি সমর্থন জানিয়েছেন। ইয়াহুর বোর্ড অব ডিরেক্টরস পদ থেকে শুরু করে প্রতিষ্ঠানটির সঙ্গে সব ধরনের আনুষ্ঠানিক সম্পর্ক চুকিয়ে দিয়েছেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে ইয়াং এই প্রতিষ্ঠানের বাইরে তার অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতি বেশি মনোযোগ দেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন। তথ্যপ্রযুক্তি বাণিজ্যে বিশেষজ্ঞদের অনেকেই ইয়াহুর অংশিদারিত্ব বিক্রয় অথবা সংস্কারের ক্ষেত্রে ইয়াং’র অকার্যকর ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিতে বাধা বলে মনে করতেন। প্রতিষ্ঠানটির দায়িত্ব থেকে তার সরে দাঁড়ানোর ফলে এই বিষয়গুলো নিষ্পত্তি সহজতর হবে বলে ধারণা করা হচ্ছে। তবে ইয়াং অন্যকোথাও যোগ দিচ্ছেন কি না, অথবা ঠিক কি কারণে আকস্মিকভাবে তিনি প্রতিষ্ঠানটি থেকে সরে দাঁড়িয়েছেন এ ব্যাপারে ইয়াহু কর্তৃপক্ষের কাছ থেকে কোনোকিছু জানানো হয়নি। ৪৩ বছর বয়সী তথ্যপ্রযুক্তিবিদ জেরি ইয়াং ইয়াহু জাপান এবং আলিবাবা গ্র“প হোল্ডিংস’র বোর্ড অব ডিরেক্টরের পদ থেকেও পদত্যাগ করেছেন। গত কয়েকবছর ধরে ইয়াং ইয়াহুতে বিনিয়োগকারী, শেয়ারহোল্ডার এমন কি প্রতিষ্ঠানের অভ্যন্তরে বেশ কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার তোপের মুখে ছিলেন। ইয়াহুর সাবেক এককর্মী বলেন, “অনেকেই মনে করেন, তার (ইয়াং) ধ্যান-ধারণা সনাতনী। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও খুব ধীরে চলো নীতি অনুসরণ করতেন। কিন্তু এতো উচ্চপর্যায়ে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে তিনি নিজেকে ঠিক খাপ খাওয়াতে সক্ষম হন নি।” তিনি আরো বলেন, “প্রতিষ্ঠাতাদের প্রতি মানুষের অনেক উচ্চাশা থাকে। প্রত্যেকেই একজন স্টিভ জবসকে খোঁজেন।” ইয়াহুর বাজারমূল্য ছিল প্রায় ৪৪ বিলিয়ন মার্কিন ডলার। কিন্তু বিশ্বে অর্থনৈতিক মন্দার কারণে প্রতিষ্ঠানটি পদে পদে হোঁচট থেকে থাকে। বর্তমানে এটির বাজারমূল্য ২০ বিলিয়ন ডলারে নেমে এসেছে। ইয়াহুর বর্তমান চেয়ারম্যান রয় বোস্টক প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতার পদত্যাগের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে প্রতিষ্ঠানটিতে তার এতোদিনের শ্রম ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১১৭ ঘ.