লন্ডন, জানুয়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্য-প্রবাসীরা এখন ওয়ার্ল্ড রেমিটের সেবা নিয়ে ঘরে বসে সহজে ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন।
অনলাইন মানি ট্রান্সফার সেবাদানকারী প্রতিষ্ঠানটি সম্প্রতি বাংলাদেশকে তার নেটওয়ার্কের আওতায় যুক্ত করছে। বিশ্বের ৩৮টি দেশে এটি সেবা দিয়ে থাকে।
এর মাধ্যমে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আত্মীয়-স্বজনের মোবাইল ফোনে ক্রেডিটও দেওয়া যাবে। এ সেবার জন্য কোনো ফি দিতে হবে না।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ইসমাইল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাত্র ২ পাউন্ড ৯৯ পেনিতে ২৪ ঘণ্টা ঘরে বসে ইন্টারনেটের মাধ্যমে প্রবাসিরা রেমিটেন্স পাঠাতে পারেন। অন্যদিকে প্রাপকরা একাউন্টের মাধ্যমে অথবা যে কোনো ব্যাংকসহ তিন হাজারেরও বেশি পে পয়েন্ট থেকে তাৎক্ষণিকভাবে নগদ টাকা উঠিয়ে নিতে পারবেন।
ওয়ার্ল্ড রেমিটের মাধ্যমে ন্যূনতম এক পাউন্ড দেশে পাঠানো যাবে।
বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী রেমিটেন্স গ্রহণকারী দেশের মধ্যে বিশ্বে বাংলাদেশ সপ্তম স্থানে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনপি/পিডি/২২৫১ ঘ.
bdnews24