২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যক্তি নয়, সংসদের কাছেই জবাবদিহি : গিলানি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, দেশের ১৮ কোটি জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি কেবল সংসদের কাছেই জবাবদিহি করতে বাধ্য।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2012, 07:57 AM

Updated : 24 Aug 2022, 10:35 AM

ঢাকা, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম)- পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, দেশের ১৮ কোটি জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি কেবল সংসদের কাছেই জবাবদিহি করতে বাধ্য। তিনি বলেন, “সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা কোনো ব্যক্তি বিশেষ নয় বরং কেবল সংসদের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন। সংসদ যখন বলবে তখনই আমি আমার দৃষ্টিভঙ্গি প্রকাশ করব।” গত সপ্তাহে সড়ক দুর্ঘটনায় পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)’র নিহত নেতা আজিম দেলৈতানার লুড্ডান শহরে অবস্থিত বাসভবনে রোববার এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের তিনি একথা বলেন। এ সময় তিনি রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানের নিজ নিজ দায়িত্বে কাজ করা উচিত বলেও মন্তব্য করেন। গিলানি জানান, পাকিস্তানের জনগণের প্রতিনিধি হিসেবে তিনি নিজের মেয়াদ পূর্ণের কথা বলেননি বরং জনগনের ভোটে নির্বাচিত সংসদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ করার ওপর সবসময় জোর দিয়েছেন। গিলানি বলেন, “সংবিধানের সঙ্গে সঙ্গতি রেখে কেউ যদি নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে চায় তাহলে আমরা তা স্বাগত জানাব।” এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সময়মতোই সিনেট নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত, সেনা অভ্যুত্থানের আশঙ্কা ব্যক্ত করে যুক্তরাষ্ট্রের কাছে একটি গোপন স্মারকলিপি প্রেরণ করে পাকিস্তান সরকার। এ বিষয়টি ফাঁস হয়ে গেলে দেশটির সরকার ও সেনাবাহিনীর মধ্যে টানাপড়েন শুরু হয়। বিষয়টি নিয়ে সেনাপ্রধান আশফাক পারভেজ কায়ানি ও গোয়েন্দা প্রধান আহমেদ সুজা পাশা আদালতের দ্বারস্থ হন। ইতোমধ্যে পাকিস্তানের সর্বোচ্চ আদালত প্রধানমন্ত্রী গিলানি ‘সৎ নন’ বলে মত দিয়েছে। পাশাপাশি পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সুইস ব্যাংকে জমা করার অভিযোগ রয়েছে। সেই অর্থ ফিরিয়ে আনতে আদালতে মামলা হয়েছে। সেই সঙ্গে আদালতের কাছে বর্তমান প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে অযোগ্য ঘোষণারও আবেদন জানানো হয়েছে। সোমবার এ বিষয়ে রায় হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৪৭ ঘ.