২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালির জাহাজ চড়ায়, নিহত ৩

চারহাজার যাত্রী নিয়ে একটি ইতালিয়ান জাহাজ বালির চড়ায় আটকে গেলে জাহাজটির অন্তত তিন যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2012, 09:09 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

রোম, জানুয়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চারহাজার যাত্রী নিয়ে একটি ইতালিয়ান জাহাজ বালির চড়ায় আটকে গেলে জাহাজটির অন্তত তিন যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। শুক্রবার রাতে ইতালির পশ্চিম উপকূলে এ দুর্ঘটনা ঘটে। কোস্টা কনকর্ডিয়া নামের ২৯০ মিটার লম্বা ওই জাহাজটিতে ৩ হাজার ২শ জন যাত্রী ও এক হাজার ২৩ জন ক্রু ছিলো বলে জানিয়েছে ইতালিয়ান কোস্টগার্ড। জাহাজের অধিকাংশ যাত্রীকে জীবনরক্ষাকারী বোট, হেলিকপ্টার ও অন্যান্য জাহাজের সাহায্যে উদ্ধার করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছেন তারা। উদ্ধারকারীরা যাত্রীদের নিকটবর্র্তী একটি ছোট দ্বীপে নিয়ে গেছে। শুক্রবার রাত ১০টার দিকে জাহাজটি ইটালির তাসকান উপকূলের গিগলিয়ো দ্বীপের কাছে একটি চড়ায় আটকা পড়ে। উদ্ধারকর্মীদের উদ্ধৃতি দিয়ে ইতালির আনসা সংবাদ সংস্থা জানিয়েছে, অন্তত ছয়জন নিহত ও অনেকে আহত হয়েছেন। যাত্রী নিহত হওয়ার কারণ তাৎক্ষণিকভাবে না জানা গেলেও আতঙ্কে অনেকেই পানিতে লাফিয়ে পড়ে বলে জানিয়েছে আনসা। জাহজের এক যাত্রী জানান, রাতের খাবার দেওয়ার সময় হঠাৎ জাহাজটি কাত হয়ে যায়। এ সময় বিদ্যুৎও চলে যায়। পরে উদ্ধারকাজ শুরু হওয়ার পর জাহাজের বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। নিহতদের বিষয়ে ইতালির সরকারি কোনো ভাষ্য এখনো পাওয়া যায়নি। ওই ঘটনার পাঁচ ঘন্টা পরেও জাহাজটির ভিতর কয়েকশত যাত্রী আটকা পড়ে ছিলো বলে জানা গেছে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট জাহাজ কোম্পানি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫০৫ঘ.