২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান ভিডিও আরেক আবু ঘ্রাইব?

তালেবান যোদ্ধাদের মৃতদেহের ওপর মার্কিন নৌ সেনাদের মূত্রত্যাগের ভিডিওটি ইরাকের আবু ঘ্রাইব বন্দিশালায় মার্কিন সেনাদের সেই নির্যাতনের কথাই মনে করিয়ে দেয়- আফগান যুদ্ধের স্মৃতিতে যা স্মরণীয় হয়ে থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 02:20 PM

Updated : 24 Aug 2022, 10:34 AM

ওয়াশিংটন, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তালেবান যোদ্ধাদের মৃতদেহের ওপর মার্কিন নৌ সেনাদের মূত্রত্যাগের ভিডিওটি ইরাকের আবু ঘ্রাইব বন্দিশালায় মার্কিন সেনাদের সেই নির্যাতনের কথাই মনে করিয়ে দেয়- আফগান যুদ্ধের স্মৃতিতে যা স্মরণীয় হয়ে থাকবে। ইন্টারনেটের মাধ্যমে ওই দৃশ্য ব্যাপকভাবে ছড়িয়ে যাওয়ায় ইতোমধ্যে বিশ্বজুড়ে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। লাশের ওপর মার্কিন সেনাদের মূত্রত্যাগ - ইউটিউবে প্রকাশিত ওই ভিডিওর ভিত্তিতে বুধবার ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান খবরটি প্রকাশ করে। লাশগুলো তালেবান যোদ্ধাদের ছিলো কিনা রয়টার্স তা যাচাই করতে পারেনি। তবে মেরিন সেনাদের ভাষায়, মৃতদেহগুলো নিহত তালেবানদেরই। এরকম একটি ভিডিও প্রকাশের পর বৈশ্বিক প্রতিক্রিয়ার পাশাপাশি মার্কিন সেনাদের বিরুদ্ধে নতুন করে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। কিন্তু মার্কিন সেনাবাহিনীর ভেতর ও বাহিরের বিশেষজ্ঞরা এখনো মানতে নারাজ যে, ইরাকের আবু ঘ্রাইব কারাগারে বন্দি নির্যাতনের কলঙ্ক যতটা নেতিবাচক প্রভাব ফেলেছিল এ ভিডিডিও চিত্রও ঠিক তেমন প্রভাব ফেলবে। যদিও এ ভিডিও ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র-বিরোধী মানসিকতা উষ্কে দিয়েছে এবং প্রশ্ন উঠেছে, কী করে কয়েকজন মার্কিন সেনা এ অপকর্ম করার সাহস পায় এবং তা আবার গর্বসহকারে ভিডিও করে। ২০০৪ সালে ইরাকের আবু ঘ্রাইব কারাগারে মার্কিন সেনারা যেভাবে বন্দিদের ওপর নির্যাতন চালিয়েছিল এ ভিডিওচিত্রেও বন্দি ও নিহত মানুষের প্রতি মার্কিন সেনাদের তেমন অবজ্ঞার মানসিকতা প্রকাশ পেয়েছে। আফগানিস্তানের এ ভিডিওতে দেখা যায়, মার্কিন নৌ সেনারা নিহত তালেবান যোদ্ধার ওপর মুত্রত্যাগের সময় মজা করে বলছে, “দিনটি উপভোগ কর, বন্ধু”। এমনকি দৃশ্যটি ভিডিও হচ্ছে এ ব্যাপারেও তারা ওয়াকিবহাল ছিল। কেননা, ভিডিও চিত্রের শেষে এক সেনা পুরো ঘটনাটি ভিডিও হয়েছে কিনা তা পরীক্ষা করে দেখেছে। এ ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ ভিডিও’র নিন্দা জানিয়ে দোষী সেনাদের সনাক্ত করে তাদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, মার্কিন সেনাদের মূত্রত্যাগের বিষয়টি ‘অমানবিক’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। মার্কিন সেনা কর্তৃপক্ষ বলেছে, তদন্তে ভিডিওটির সত্যতা প্রমাণিত হলে তা ‘চরম অপরাধ’ বলে গণ্য হবে। জেনেভা কনভেনশন এবং মার্কিন সেনা আইন অনুযায়ী, মৃতদেহের অবমাননা বেআইনি। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রবিরোধী মনোভাব অনেক আগে থেকেই জোরালো। এই ভিডিওচিত্র নতুন করে সেই মনোভাব আরো উস্কে দেবে বলেই আশঙ্কা করা হচ্ছে। তাছাড়া, আফগানিস্তান ছাড়া মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোতেও এ ভিডিও ক্ষোভ সঞ্চার করেছে। আবু ঘ্রাইবের ঘটনায় কেলেঙ্কারির মুখে পড়েছিলো যুক্তরাষ্ট্র। সেখানে বন্দিদের ওপর সেনা নির্যাতনের সচিত্র দৃশ্যের মতো এবারেরটাও অনেকটা একই। ক্ষতির প্রশ্নটা এখানেই। কিন্তু তারপরও এবারের ভিডিওটি যুক্তরাষ্ট্র ও এর বাইরে ব্যাপক আলোড়ন সৃষ্টি নাও করতে পারে বলেই বিশ্লেষকদের ধারণা। কারণ, বহু মার্কিনিই আফগানিস্তান এবং ইরাক যুদ্ধ ভুলে গেছে। অন্যদিকে, আফগানিস্তানে বেশিরভাগ মানুষই বিদ্যুৎ, ও ইন্টারনেট সেবা বঞ্চিত হওয়ার সেখানে খবর ছড়ায়ও ধীরে। ফলে সেখানেও এ ভিডিও নিয়ে শোরগোল হতে সময় লাগবে। আর তাই দেশে-বিদেশে ভিডিওটির প্রভাব আবু ঘ্রাইব ঘটনার মতো ব্যাপক হবে কিনা তা এখনই বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন এক মার্কিন কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/বিসিএস/এলকিউ/২০১০ঘ.