২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় গৃহযুদ্ধের আশঙ্কা আরব লিগের

সিরিয়ায় গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করছেন আরব লিগের মহাসচিব নাবিল এল আরাবি। এ গৃহযুদ্ধ প্রতিবেশী দেশগুলোর জন্য দুর্ভোগ বয়ে আনতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2012, 09:44 AM

Updated : 24 Aug 2022, 10:34 AM

বৈরুত, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করছেন আরব লিগের মহাসচিব নাবিল এল আরাবি। এ গৃহযুদ্ধ প্রতিবেশী দেশগুলোর জন্য দুর্ভোগ বয়ে আনতে পারে বলে সতর্ক করেছেন তিনি। মিসরের আল হায়াৎ টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আরব লিগের মহাসচিব বলেন, “সিরিয়ায় কোনো সমস্যা দেখা দিলে তা প্রতিবেশী দেশগুলোর জন্য দুর্ভোগ বয়ে আনবে।” আরাবি বলেন, “হ্যাঁ আমি গৃহযুদ্ধেরই আশঙ্কা করছি। আমরা যে পরিস্থিতি দেখেছি এবং শুনেছি তা গৃহযুদ্ধের দিকেই মোড় নেবে।” সিরিয়া মিশনের প্রতিবেদন ‘উদ্বেগজনক’ বলে মন্তব্য করেন আরাবি। তবে পর্যবেক্ষকদের উপস্থিতিতে সিরিয়ায় হত্যা কমেছে বলেও জানান তিনি। ১৯-২০ জানুয়ারিতে আরব লিগ পররাষ্ট্রমন্ত্রীদের কাছে সিরিয়া প্রতিবেদন উপস্থাপন করার কথা রয়েছে পর্যবেক্ষকদের। আরব লিগ মহাসচিব বলেন, “ সিরিয়া মিশন চলবে না বন্ধ করে দেয়া হবে সে সিদ্ধান্ত নেবেন মন্ত্রীরা।” ওদিকে, আলজেরিয়ার সাবেক এক পর্যবেক্ষক জানান, আরব লিগ মিশন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসদের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর দমনাভিযান বন্ধে ব্যর্থ হওয়ায় বেশ কয়েকজন পর্যবেক্ষক পদত্যাগ করেছেন বা করার কথা চিন্তা করছেন। সিরিয়ায় ২০১১ সালের মার্চ থেকে প্রেসিডেন্ট আসাদ বিরোধী আন্দোলন চলছে। জাতিসংঘের হিসেবে আন্দোলন দমনে সরকারি বাহিনীর দমনপীড়নে ৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। আন্দোলকরাীদের ওপর দমনপীড়নের অভিযোগে সিরিয়াকে সাময়িকভাবে বহিস্কার করাসহ পশ্চিমা বিশ্বের মতো নিষেধাজ্ঞা আরোপ করেছে আরব লিগ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৩৯ঘ.