ইসলামাবাদ, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকারকে সমর্থন না দিলে পাকিস্তানে সামরিক শাসন পুনরায় ফিরতে পারে বলে পার্লামেন্ট সদস্যদের সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
গিলানি নেতৃত্বাধীন সরকারের ওপর আস্থা ভোট নিয়ে বিতর্কের দুদিন আগে শুক্রবার পার্লামেন্টে তিনি বলেছেন, “গণতন্ত্র বা একনায়কতন্ত্র-এই দুটির একটিকে বেছে নিতে হবে।”
সরকার ও সেনাবাহিনীর মধ্যকার চলমান বিরোধের মধ্যে সোমবার আস্থা ভোট নিয়ে বিতর্ক হচ্ছে পার্লামেন্টে। সরকার টিকিয়ে রাখতে নানা ধরনের তৎপরতায় গিলানির পাশে রয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি খান জারদারি।
দেশে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দুবাই সফরে যাওয়া জারদারি শুক্রবার সকালেই দেশে ফিরেছেন। এই সফর তার দেশ ছাড়ার গুঞ্জনের জন্ম দিয়েছিল।
গণতন্ত্র রক্ষার জন্য পার্লামেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে কালের পর কাল সামরিক শাসনাধীনে থাকা দেশটির প্রধানমন্ত্রী গিলানি বলেন, তিনি কারো কাছে সমর্থন ভিক্ষা করবেন না।
“এই দেশে গণতন্ত্র না একনায়কতন্ত্র থাকবে, তা এখন আমাদের ঠিক করতে হবে। আমরা যদি কোনো ভুল করে থাকি, তাহলে তার অর্থ এই হবে না যে তার জন্য গণতন্ত্র বা পার্লামেন্ট শাস্তি পাবে,” বলেন তিনি।
১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হওয়ার পর থেকে বেশিরভাগ সময়ই সেনাবাহিনী দক্ষিণ এশিয়ার এ দেশটি শাসন করেছে।
পার্লামেন্টে আস্থা ভোটের প্রস্তাব তুলেছেন ক্ষমতাসীন পিপলস পার্টির (পিপিপি) মিত্র দল ন্যাপের আসফান্দিয়ার ওয়ালি খান।
তবে ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) জোটভুক্ত কয়েকটি দল সতর্ক করে দিয়ে বলেছে, সেনাবাহিনীকে চাপে ফেলা উচিত হবে না প্রেসিডেন্ট জারদারি ও তার মিত্রদের। এতে পরিণতি খারাপ দিকে গড়াতে পারে।
পিপিপি জোট সরকারের গুরুত্বপূর্ণ এক শরিক দলের এমপি বলেন, “দেশের গণতন্ত্রকে শক্তিশালী করে এমন যে কোনো প্রস্তাব তারা সমর্থন জানাবেন। তবে রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠানকে লক্ষ্য করে আনা প্রস্তাব তারা সমর্থন করবেন না।”
তবে আস্থা ভোটের বিষয়ে গিলানি বলেছেন, সেনাবাহিনী এ পদক্ষেপের লক্ষ্য নয়।
এদিকে শনিবার প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক ডেকেছেন গিলানি। সঙ্কট দেখা দেওয়ার পর এটাই হবে দেশটির সামরিক ও বেসামরিক নেতৃত্বের সরাসরি প্রথম আলোচনা।
বৈঠকে গতবছরের শেষদিকে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানি সেনা তল্লাশি চৌকিতে মার্কিন বাহিনীর হামলার বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
এ সপ্তাহের শুরুর দিকে পাকিস্তান সরকার ও সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে। এরই মধ্যে প্রতিরক্ষীমন্ত্রীকে বরখাস্ত করেন গিলানি।
গণমাধ্যমে এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী গিলানি সেনাবাহিনীর সমালোচনা করার পর সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশ্যে তাকে ভর্ৎসনা করা হয়। এর ভয়াবহ পরিণতি সম্পর্কেও প্রধানমন্ত্রীকে হুঁশিয়ার করে দেশটির প্রভাবশালী সেনাবাহিনী।
গত মাসে গিলানি বলেন, তার সরকারকে উৎখাতে ষড়যন্ত্র চলছে। তবে কারা ষড়যন্ত্র করছে সে বিষয়ে তিনি কিছু না বললেও দেশটির সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানি সেটাকে গুজব বলে নাকচ করেন।
সরকার ও সেনাবাহিনীর এ দ্বন্দ্বের মূলে রয়েছে একটি গোপন বার্তা। গত বছর ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে মার্কিন বাহিনীর অভিযানে আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর সম্ভাব্য সেনা অভ্যুত্থান ঠেকাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়ে ওয়াশিংটনে ওই বার্তা পাঠানো হয়। তাতে কারো নাম বা স্বাক্ষর না থাকলেও বার্তাটি নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে দূরত্ব তৈরি হয়।
এ বার্তা চালাচালি নিয়ে ইতোমধ্যে নিজস্ব তদন্ত শুরু করেছে পাকিস্তানের সর্বোচ্চ আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/এএইচ/০১০০ ঘ.
bdnews24