ঢাকা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পাপুয়া নিউ গিনিতে বিশ্বের সবচেয়ে ছোট ব্যাঙের সন্ধান পাওয়া গেছে।
পায়েদোফ্রাইন নামের ৭ মিলিমিটার বা ০ দশমিক ২৭ ইঞ্চি দৈর্ঘ্যের এ ব্যাঙটি যুক্তরাষ্ট্র ভিত্তিক একদল গবেষক খুঁজে পেয়েছে।
ক্ষুদ্র এ ব্যাঙগুলো বনের ভেতর পাতার নিচে লুকিয়ে থাকে। ফলে খুঁজে পাওয়া খুবই কঠিন।
যুক্তরাষ্ট্রের ব্যাটর রগের লুইজিয়ানা স্টেট ইউনিভার্সিটির ওই গবেষক দলের প্রধান ক্রিস অস্টিন বলেন, “নিউ গিনির এ বনটি রাতের বেলা আশ্চর্যজনকভাবে সরব হয়ে ওঠে। আমরা ব্যাঙের ডাক রেকর্ড করার চেষ্টা করছিলাম। অন্য ধরনের একটি শব্দ পেয়ে আমাদের কৌতুহল জাগে।”
তিনি আরো বলেন, “শব্দের উৎস খুঁজতে গিয়ে পাতার স্তুপের ভেতর এ ব্যাঙ দেখতে পাই। এগুলো এতোই ছোট যে অন্ধকারে ভ্রম হচ্ছিল। পরে আমরা কয়েক মুঠো পঁচা পাতা প্লাস্টিকের ব্যাগে পুরি।”
এ ব্যাঙটি খুঁজে পাওয়ার আগে ব্রাজিলে সোনা ব্যাঙই ছিল সবচেয়ে ছোট ব্যাঙ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৪৪ঘ.
bdnews24