২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফের বিষয়ে সিদ্ধান্ত জানাতে ২ সপ্তা সময় দিল আইসিসি

যুদ্ধাপরাধের বিচার করতে মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হস্তান্তর করা হবে কিনা তা জানাতে লিবিয়াকে আরো দুই সপ্তাহের সময় দিয়েছে আইসিসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2012, 08:41 AM

Updated : 24 Aug 2022, 10:33 AM

জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- যুদ্ধাপরাধের বিচার করতে মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হস্তান্তর করা হবে কিনা তা জানাতে লিবিয়াকে আরো দুই সপ্তাহের সময় দিয়েছে আইসিসি। নিরাপত্তার বিষয় উল্লেখ করে লিবিয়া তিন সপ্তাহ সময় বাড়ানোর আবেদন জানালেও আদালত ২৩ জানুয়ারির মধ্যে তথ্য প্রদানের নির্দেশ দিয়েছে। মঙ্গলবার এ নির্দেশ দেওয়া হয়। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ’র ফ্রেড আব্রাহামস মঙ্গলবার বলেন, “আইসিসির সঙ্গে লিবিয়ার যুক্ত হওয়া ও নিয়মকানুন মান্য করার বিষয়টিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করছি আমরা। একইসঙ্গে মামলার বিচার বিলম্বিত করতে নিরাপত্তার বিষয়টিকে ব্যবহার করা হতে পারে বলে উদ্বিগ্ন আমরা।” গত মাসে সাইফের সঙ্গে সাক্ষাৎ করেন আব্রাহামস। এর আগে আইসিসি সাইফ আল ইসলামকে তাদের হাতে তুলে দেওয়া হবে কিনা ও কবে করা হবে তা জানাতে এবং তার মানসিক ও শারীরিক অবস্থা সম্পর্কে তথ্য দিতে ১০ জানুয়ারি পর্যন্ত লিবিয়াকে সময় বেধে দিয়েছিলো। গত অগাস্টে গাদ্দাফিবিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মুয়াম্মার গাদ্দাফি, সাইফ ও লিবিয়ার সাবেক গোয়েন্দা প্রধান আব্দুল্লাহ আল সেনুসিসহ আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত। সংক্ষেপে যা আইসিসি নামে পরিচিত। তবে নভেম্বর মাসে আধাসামরিক বাহিনী সাইফকে গ্রেপ্তারের পর লিবিয়া জানায়, তারা নিজ দেশেই সাইফের বিচার করতে চায়। গত সপ্তাহে সাইফকে আইনজীবীর সহায়তা নেওয়ার অনুমতি দিতে লিবিয়ার সরকারের প্রতি অনুরোধ জানায় হিউম্যান রাইটস ওয়াচ। বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪৩৫ ঘ.