ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ভূগর্ভস্থ একটি বাঙ্কারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে ইরান। এর মধ্য দিয়ে ইরান আরো বেশি মাত্রায় জাতিসংঘ প্রস্তাবনা লঙ্ঘণ করছে বলে হুঁশিয়ার করেছে যুক্তরাষ্ট্র।
ইরান ও জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার (আইএইএ) এক কর্মকর্তা সোমবার কুয়ম শহরের কাছে ফরদো বাঙ্কারে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কথা নিশ্চিত করেছে।
ইরান এ কর্মসূচিকে পুরোপুরি বেসামরিক আখ্যা দিলেও পশ্চিমাদের ধারণা, এ কর্মসূচির উদ্দেশ্য পরমাণু অস্ত্র উৎপাদন করা।
সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, “আমরা ইরানকে বলছি, আবারো বলছি, সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করুন।”
তিনি বলেন, কুয়ম শহরের কাছে ফরদো পরমাণু প্রকল্পে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ কার্যক্রম তেহরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে সন্দেহকে আরো দৃঢ় করেছে।
এর কয়েকঘন্টা আগে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)’র মুখপাত্র গিল টিউডর জানান, “ইরান তার উত্তরাঞ্চলীয় ফরদো পরমাণু প্রকল্পে ২০ শতাংশেরও বেশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করেছে।”
এর পরপরই যুক্তরাষ্ট্র ইরানের উদ্দেশ্যে ওই সতর্কবার্তা পাঠায়।
বিশ্লে¬ষকরা জানিয়েছেন, ইউরেনিয়াম ব্যবহার করে পরমাণু অস্ত্র তৈরিতে ২০ শতাংশ সমৃদ্ধকরণ গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
কিন্তু ইরান জানিয়েছে, সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যেই তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। যুক্তরাজ্য ও ফ্রান্স, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের নিন্দা জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৪৩ঘ.
bdnews24