দুবাই, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের বর্তমান তিক্ত সম্পর্ক উন্নয়নে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফ।
রোববার দুবাইয়ে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, “বর্তমানে এ দু’দেশের সম্পর্ক সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে। আর এটি ঘটেছে বিশ্বাস ও আত্মবিশ্বাসের অভাবে।”
এর আগে দেশে ফিরে আবারো রাজনীতিতে সক্রিয় হওয়ার ঘোষণা দেন মুশাররফ।
পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে দুটি সামরিক ঘাঁটিতে গত নভেম্বর মাসে ন্যাটো হেলিকপ্টার ও যুদ্ধবিমান হামলা চালানোয় ২৮ পাকিস্তানি সেনা নিহত হয়। এরপরই যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরো তিক্ত হয়।
এর আগে গত বছরের মে মাসে ইসলামাবাদের সঙ্গে পরামর্শ না করেই যুক্তরাষ্ট্রের কমান্ডো বাহিনী পাকিস্তানের অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হত্যা করে। এ অভিযানকে পাকিস্তান তাদের সার্বভৌমত্বের লঙ্ঘণ বলে অভিহিত করেছে।
মুশাররফ বলেন, “আমি মনে করি বিন লাদেনকে খুঁজে পাওয়ার বিষয়টি আরো স্পষ্ট করা উচিত পাকিস্তানের। আর একইসঙ্গে যুক্তরাষ্ট্রের উচিত ২০১৪ সালে তারা চলে যাওয়ার পর কি পরিবেশ রেখে যাচ্ছে তা স্পষ্ট করা। কারণ এ বিষয়টি সরাসরি পাকিস্তানকে প্রভাবিত করবে।”
২০১৪ সালে বিদেশি আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের চলে যাওয়ার আগে এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য ওয়াশিংটনের প্রতি ইসলামাবাদের সহায়তাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এর আাগে দুবাই থেকে মুশাররফ ভিডিও কনফারেন্সের মাধ্যমে পাকিস্তানের সবচেয়ে বড় বাণিজ্যিক শহর করাচির সমাবেশে জনগণের সঙ্গে কথা বলেন। এসময় তিনি আগামী ২৭-৩০ জানুয়ারির মধ্যে দেশে ফিরে ২০১৩ সালের নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেন।
দেশে ফিরলে তিনি নিজের নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সহায়তা চাইবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ব্যক্তিপর্যায়ে নিরাপত্তা প্রদান করা সেনাবাহিনীর দায়িত্ব নয়।
“আমি তাদের হয়রানি করতে চাইনা। নিজের নিরাপত্তা আমি নিজেই নিশ্চিত করব। কিভাবে নিজেকে নিরাপদ রাখতে হয় তা আমি জানি। আমাকে সমর্থন করার মতো বিশাল এক দল কর্মকর্তা রয়েছে এবং আমি এ বিষয়ে খুবই গর্বিত,” বলেন তিনি।
২০০৭ সালে জারি করা জাতীয় সমঝোতা অধ্যাদেশ (এনআরও)’র বিষয়ে মোশাররফ বলেন, “এনআরও এমন একটা বিষয় যা জারি করা ঠিক হয়নি। এটা না করার পরামর্শও দেওয়া হয়েছিলো কিন্তু আমি নিজের সিদ্ধান্তেই তা করেছি।”
১৯৮৬-১৯৯৯ সালে দুর্নীতি, অর্থ পাচার, হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত রাজনীতিবিদ ও আমলাদের এ অধ্যাদেশের মাধ্যমে ক্ষমা করাটা ভুল হয়েছে বলেও স্বীকার করেন তিনি।
২০০৯ সালে পাকিস্তানের সুপ্রিম কোর্ট একে অসাংবিধানিক ঘোষণা করে।
বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪১০ ঘ.
bdnews24