ইসলামাবাদ, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি বলেছেন, তিনি পদত্যাগ করছেন না এবং কেউ তাকে পদত্যাগ করতেও বলেনি।
পাকিস্তানের প্রভাবশালী সেনাবাহিনী জারদারির পদত্যাগ চায় এমন গুজবের জবাবে তিনি একথা জানান।
দেশটির জনপ্রিয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে জারদারি বলেন, “এখনো কেউ পদত্যাগ করতে বলেনি। যদি কেউ বলে আমি আপনাদের বলবো।”
দুবাই থেকে চিকিৎসা শেষে গত মাসে দেশে ফিরেছেন জারদারি। ধারণ করা ওই সাক্ষাৎকারে তাকে প্রাণবন্ত দেখা গেছে।
নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি নির্ধারক পাকিস্তানের সেনাবাহিনী অতীতে বেসামরিক নেতাদের পদত্যাগের আহ্বান জানানোসহ তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়াকেও প্রভাবিত করেছে।
২০০৮ সালে ক্ষমতায় আসার পর এ সময়টিতেই সবচেয়ে বড় রাজনৈতিক ঝামেলায় পড়েছেন পাকিস্তানি প্রেসিডেন্ট জারদারি।
পাকিস্তানের জেনারেলদের অভ্যুত্থান ষড়যন্ত্র রুখতে যুক্তরাষ্ট্রের কাছে সই বিহীন একটি স্মারক পাঠানো থেকে রাজনৈতিক এ সংকটের সূত্রপাত।
পেন্টাগনের কাছে স্মারকলিপি দেওয়ার বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
স্মারকলিপির সঙ্গে জারদারি জড়িত থাকলে পাকিস্তানের নাজুক বেসামরিক সরকার আরো বেশি হুমকির মধ্যে পড়বে।
পাকিস্তানের সেনা প্রধান আশফাক কায়ানি অভ্যুত্থান ষড়যন্ত্রের বিষয়টি নাকচ করে দিয়ে জানিয়েছেন, সেনাবাহিনী গণতন্ত্র সমর্থন করে।
ওদিকে, সামরিক বাহিনীর একটি সূত্র রয়টার্সকে জানায়, সেনাবাহিনী জারদারির ওপর বিরক্ত। তারা বৈধ উপায়ে জারদারির পদত্যাগ চায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫১৩ঘ.
bdnews24