২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ৭ শতাংশ প্রবৃদ্ধির প্রত্যাশা মনমোহনের

বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও চলতি অর্থবছরে ভারতে ৭ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2012, 01:45 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

নয়াদিল্লি¬, জানুয়ারি ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও চলতি অর্থবছরে ভারতে ৭ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রবাসী ভারতীয় দিবস উপলক্ষে জয়পুরে বক্তৃতাকালে তিনি একথা বলেন। মনমোহন বলেন, “বিশ্ব অর্থনৈতিক মন্দা সত্ত্বেও, চলতি অর্থবছর ৩১ মার্চের মধ্যে ভারতের অর্থনীতি প্রায় ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে।” তবে গত মাসের পূর্বাভাসে ভারত ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করবে বলে জানিয়েছিল মনমোহন সরকার। মনমোহনের আশা, উচ্চ দেশীয় সঞ্চয় দেশের অর্থনীতিতে মধ্য মেয়াদে ৯-১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে। বক্তৃতাকালে তিনি বলেন, “বর্তমানে আমাদের দেশীয় সঞ্চয়ের পরিমাণ মোট দেশজ উৎপাদনের ৩৩-৩৫ শতাংশ যা আমাদের প্রবৃদ্ধি অর্জনের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে।” যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনৈতিক নাজুক পরিস্থিতির প্রভাবে ভারতের অর্থনৈতিক গতিও ধীর হয়ে গেছে। ভারত উচ্চ মূল্যস্ফীতি রোধ ও সরকারের সিদ্ধান্ত গ্রহণে স্থবিরতা ঢাকতে উচ্চ সুদের হার নির্ধারণ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯৪০ঘ.