২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শতবর্ষে ম্যান্ডেলার এএনসি

দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী সংগ্রামের নেতৃত্ব দানকারী দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) একশ বছর পূর্তিতে উৎসব শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 05:03 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী সংগ্রামের নেতৃত্ব দানকারী দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) একশ বছর পূর্তিতে উৎসব শুরু হয়েছে। এ দলের পতাকা তলে থেকেই শ্বেতাঙ্গদের শাসন-নিপীড়নে থাকা আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দেন নেলসন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা শুক্রবার এএনসি প্রতিষ্ঠার একশ বছর পূর্তি উপলক্ষে তিনদিনের উৎসবের উদ্বোধন করেন। উৎসবের শেষ দিন রোববার বিশ্বের প্রায় ৪৬টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এতে যোগ দেবেন বলে এএনসির পক্ষ থেকে বলা হয়েছে। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসই আফ্রিকা মহাদেশে সর্ব প্রথম কৃষ্ণাঙ্গদের স্বাধীনতা আন্দোলনের সূচনা করে। শত বছর পূর্তির উৎসবে দলটির বর্তমান ও সাবেক নেতারা অংশ নেবেন। তবে এ আন্দোলনের সফলতার প্রতীক নেলসন ম্যান্ডেলা তাদের মধ্যে থাকবেন না বলেই ধারণা করা হচ্ছে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপণী অনুষ্ঠানের পর থেকে জনসম্মুখে আসেননি ৯০ বছর বয়সী ম্যান্ডেলা। বর্তমানে তিনি শৈশবের গ্রাম কুনুতে বসবাস করছেন। উদ্বোধনী বক্তব্যে প্রেসিডেন্ট জ্যাকব জুমা বলেন, “যে আন্দোলন দেশে পরিবর্তন এনেছিলো তার শতবর্ষ উদযাপন করতে গিয়ে পুরো জাতির ‘গর্বে বুক ভরে উঠেছে’।” দক্ষিণ আফ্রিকার স্বাধীনতার জন্য ১৯১২ সালের ৮ জানুয়ারি ব্লুমফন্টেইনে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) জন্ম হয়। প্রথমে আন্দোলনের প্লাটফর্ম হলেও পরবর্তীতে তা একটি রাজনৈতিক দলে রূপ নেয়। আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস দক্ষিণ আফ্রিকার স্বাধীনতা আন্দোলনকে নতুন মাত্রা দেয়। এর মাধ্যমেই দেশটির শ্রমিক, কৃষক, ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে গণআন্দোলন শুরু করে। বর্ণবাদ ও বর্ণবাদী শাসন অবসানের লক্ষ্যে এক পর্যায় সরকারের বিরুদ্ধে অস্ত্র তুলে নেয় এএনসি। ১৯৬০ সালে তাদেরকে নিষিদ্ধ করা হয়। এর অল্প কয়েক বছরের মাথায় নেলসন ম্যান্ডেলাসহ এএনসির শীর্ষ নেতারা কারাবন্দি হন। তিন দশক পর এএনসির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। সেই সঙ্গে ম্যান্ডেলাও মুক্তি পান। ১৯৯১ সালে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের নেতৃত্বে আসেন ম্যান্ডেলা। ১৯৯৪ সালে দেশটিতে প্রথমবারের মতো সব বর্ণের মানুষের অংশগ্রহণে সাধারণ নির্বাচন হয়। তাতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন ম্যান্ডেলা। তখন থেকেই আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস দেশটির শাসন ক্ষমতায় রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/২২৫৯ ঘ.