২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫

সিরিয়ার রাজধানী দামেস্কে শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় প্রায় ২৫ জন নিহত হয়েছে এবং ৪৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সানা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2012, 12:05 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

আম্মান, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার রাজধানী দামেস্কে শুক্রবার আত্মঘাতী বোমা হামলায় প্রায় ২৫ জন নিহত হয়েছে এবং ৪৬ জন আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা সানা । এক মাসের মধ্যে দামেস্কে এটি এ ধরনের তৃতীয় হামলা। আরব লিগ কমিটি সিরিয়ায় পর্যবেক্ষকদের একটি প্রাথমিক প্রতিবেদন নিয়ে বৈঠকের দুইদিন আগে এ হামলা হলো। রাষ্ট্রীয় টেলিভিশনে আগের খবরে বলা হয়, হামলায় দামেস্কে নিহত হয়েছে ২৫ জন। এর মধ্যে ১৫টি দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। ৪৬ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। এদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। টেলিভিশন চিত্রে দেখা যায়, বোমার আঘাতে মানুষের ছিন্নভিন্ন শরীর ও ভাঙা কাঁচের টুকরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হামলায় পুলিশের একটি বাসও ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ার টেলিভিশনের ওই প্রতিবেদনে আরো বলা হয়, “তাৎক্ষণিক পাওয়া খবরে ট্রাফিক বাতির কাছে একটি আত্মঘাতী হামলা হয়েছে বলে আলামত পাওয়া গেছে। অনেকেই হতাহত হয়েছে এবং বেশিরভাগই বেসামরিক মানুষ।” গত বছর ডিসেম্বরেও সিরিয়ার দুটি নিরাপত্তা ভবনে আত্মঘাতী হামলায় অন্তত ৪৪ জন নিহত হয়। সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী আন্দোলন চলছে। আন্দোলন দমনে সরকারি বাহিনীর অভিযানে জাতিসংঘ হিসাব অনুসারে ৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। আন্দোলন ও দমনাভিযান বন্ধে শান্তি পরিকল্পনার প্রস্তাব দিয়েছে আরব লিগ। প্রস্তাবিত শান্তি পরিকল্পনা বাস্তবায়ন দেখতে সিরিয়া সফরও করেছে আরব পর্যবেক্ষক দল। রোববার কায়রোয় পর্যবেক্ষক দলের প্রাথমিক প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭৫০ঘ.