২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা হামলায় নিহত ৬৭

ইরাকে শিয়া মুসলিম এলাকাগুলোতে বোমা হামলায় বৃহস্পতিবার অন্তত ৬৭ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 03:47 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

বাগদাদ, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে শিয়া মুসলিম এলাকাগুলোতে বোমা হামলায় বৃহস্পতিবার অন্তত ৬৭ জন নিহত হয়েছে। সবচেয়ে বড় হামলাটি হয়েছে দক্ষিণাঞ্চলে নাসিরিয়ার পশ্চিমে একটি পুলিশ চেকপয়েন্টের কাছে। সেখানে এক আত্মঘাতী বোমা হামলাকারী শিয়া পূণ্যার্থীদের লক্ষ্য করে হামলা চালালে অন্ততপক্ষে ৩৮ জন নিহত হয় এবং ৭০ জন আহত হয়। নাসিরিয়া প্রাদেশিক কাউন্সিলের প্রধান কোয়াসি আল-আবাদি একথা বলেছেন। এর আগে রাজধানী বাগদাদে চারটি বোমা হামলা অন্তত ২৯ জন নিহত ও ৬৯ জন আহত হয়। বিভিন্ন সূত্র জানায়, বাগদাদের উত্তর পশ্চিমাঞ্চলের কাদিমিয়া জেলায় দু’টি গাড়ি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত ও আরো ৩২ জন আহত হয়েছে। এছাড়া, বাগদাদের উত্তর পূর্বাঞ্চলের সদর সিটিতে পেতে রাখা দুটি বোমা হামলায় আরো ১০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ৩৭ জন। তবে বাগদাদের স্বাস্থ্য পরিসংখ্যান বিভাগ কাদিমিয়ায় নিহতের সংখ্যা ১৬ জন এবং সদর সিটিতে নিহতের সংখ্যা ১৩ জন উল্লেখ করেছে। ঘটনাস্থলে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, “কাজের অপেক্ষায় থাকা একদল দিনমজুর হামলার শিকার হয়েছে। কেউ একজন মোটর সাইকেল এনে দিনমজুরদের কাছেই পার্ক করে রাখে। এরপরই মোটরসাইকেল বিস্ফোরণ হয়ে হতাহতের ঘটনা ঘটে। এতে কয়েকটি গাড়িও পুড়ে গেছে।” আরো দুটি বোমা নিস্ক্রিয় করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে। বাগদাদ থেকে ৩শ’ কিলোমিটার দক্ষিণপূর্বে নাশিরিয়া প্রদেশে শিয়া তীর্থযাত্রীদের ওপর আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩০ জন নিহত ও ৭০ জন আহত হয়েছে বলে প্রাদেশিক প্রধান কুশায় আল-আবাদি জানান। নাশিরিয়ার পশ্চিমে একটি তল্লাশি চৌকিতে বোমা হামলার ঘটনা হয়েছে বলে আবাদি ও স্থানীয় নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে। পুলিশ প্রাথমিকভাবে এ হামলাকে রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরণ বলে জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১৩৬ঘ.