বুয়েন্স আয়ার্স, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিশ্চিনা ফার্নান্দেজের অস্ত্রোপচার হবে বুধবার। আর এ কারণে যে হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন তার বাইরে জড়ো হয়েছে অনেক ভক্ত-কর্মী ও সমর্থক। কেউ কেউ ‘অনমনীয় ক্রিশ্চিনা’ লেখা প্ল্যাকার্ড বহন করছে।
এর আগে ডিসেম্বরের শেষদিকে আর্জেন্টিনা সরকারের পক্ষ থেকে জানানো হয়, প্রেসিডেন্টের থাইরয়েড গ্ল্যান্ডে ক্যান্সারের সংক্রমণ হলেও এখনো তা খুব বেশি ছড়িয়ে পড়েনি। ফলে পুরোপুরি আরোগ্যের সম্ভাবনা ৯০ থেকে ৯৮ শতাংশ।
প্রেসিডেন্টের মুখপাত্র আলফ্রেডো স্কোচ্চিমারো জানিয়েছিলেন, আগামী ৪ জানুয়ারি ক্রিস্টিনার অস্ত্রোপচার হবে আর এ কারণে ২৪ জানুয়ারি পর্যন্ত তিনি ছুটিতে থাকবেন।
অস্ত্রোপচারের মাধ্যমে ক্রিশ্চিনার থাইরয়েড গ্ল্যান্ড অপসারণ করা হবে বলে জানিয়েছেন বুয়েনেস আইরেসের ক্যান্সার বিশেষজ্ঞ জুলিও মরেনো। তিনি বলছেন, প্রেসিডেন্টের ক্যান্সার পরীক্ষা করে যে ফল পাওয়া গেছে তা খুবই আশাব্যাঞ্জক।
ক্রিশ্চিনার ক্যান্সার আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর দেশের আপামর মানুষ তার প্রতি সহমর্মিতা প্রকাশ করে। বিশেষ করে দরিদ্রদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়।
গত সপ্তায় নিয়মিত শারীরিক পরীক্ষার সময় ক্রিশ্চিনার ক্যান্সার ধরা পড়ে। সাধারণত ৪০ বছরের কম বয়সী মানুষরাই এ রোগে আক্রান্ত হন।
চলতি বছরের অক্টোবরে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন ৫৮ বছর বয়সী ক্রিশ্চিনা। তার নেতৃত্বেই আর্জেন্টিনা বিশ্বের তৃতীয় সয়াবিন রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। লাতিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশে প্রতিবছর প্রবৃদ্ধি হচ্ছে ৯ শতাংশ হারে।
স¤প্রতি লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশের প্রেসিডেন্ট ক্যান্সারে আক্রান্ত হন। এরা হলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শাভেজ, ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, প্যারাগুয়ের প্রেসিডেন্ট ফার্নান্ডো লুগো।
কিছুদিনের ব্যবধানে ল্যাতিন আমেরিকার বামপন্থী এই নেতারা ক্যান্সারে আক্রান্ত হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের হাত থাকতে পারে বলে মন্তব্য করেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের ধারণা।
তবে যুক্তরাষ্ট্র শ্যাভেজের এই মন্তব্যকে ‘পাগলের প্রলাপ’ বলে এ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া প্রকাশ অর্থহীন বলে জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২৯ ঘ.
bdnews24