২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাঙ্গেরিতে সরকারবিরোধী বিক্ষোভ

হাঙ্গেরির প্রায় ৩০ হাজার মানুষ ক্ষমতাসীন ফিদেজ পার্টির সরকার ও সরকার প্রণীত একটি আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2012, 07:39 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

বুদাপেস্ট, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাঙ্গেরির প্রায় ৩০ হাজার মানুষ ক্ষমতাসীন ফিদেজ পার্টির সরকার ও সরকার প্রণীত একটি আইনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। সোমবার রাজধানী বুদাপেস্টের অপেরা হাউসের সামনে এই বিক্ষোভ করে তারা। ফিদেজ পার্টি ও সরকারের শীর্ষ কর্মকর্তারা ওই সময় অপেরা হাউজে ছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, কথিত ‘মৌলিক আইন’ প্রণয়নের মাধ্যমে সরকার হাঙ্গেরির গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে ক্ষমতা নিরঙ্কুশ করার চেষ্টা করছে। মধ্যডানপন্থী দল ফিদেজ ২০১০ সালে দুইতৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ক্ষমতায় আসে। দলটির প্রধান হাঙ্গেরির বর্তমান প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ফিদেজ পার্টি ক্ষমতায় এসেই দেশের অধিকাংশ আইনে পরিবর্তন আনা শুরু করে। আইন পরিবর্তনের মাধ্যমে সরকার গণতান্ত্রিক ভারসাম্য বিনষ্ট করছে বলে দেশে ও দেশের বাইরে থেকে অভিযোগ ওঠে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে পূর্ববর্তী সংবিধানের বদলে ‘মৌলিক আইন’ চালু হয়। আইনে নাগরিকদের বহুবিধ জীবনধারা নির্ধারক একটি ধারায়ও পরিবর্তন আনা হয়। ফিদেজ পার্টির দাবি, ১৯৮৯ সালে দেশটিতে কম্যুনিজমের পতনের পর থেকে গণতান্ত্রিক যে ধারা চালু হয় এ আইনের মাধ্যমে তা সম্পূর্ণতা পেয়েছে। আইনটি নিয়ে আরো চিন্তাভাবনা করার জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন প্রধানমন্ত্রী অরবানকে আহ্বান জানান। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসো প্রস্তাবিত দুটি প্রধান আইন তুলে নেয়ার জন্য অরবানের ওপর চাপ সৃষ্টি করেন। কিন্তু এরপরও হাঙ্গেরির পার্লামেন্ট আইনটি বাস্তবায়নে এগিয়ে যায়। সোমবার ফিদেজ পার্টির ও সরকারের শীর্ষ কর্মকর্তারা বুদাপেস্ট অপেরা হাউসে ‘মৌলিক আইন’ উদযাপন উপলক্ষে উপস্থিত হলে হাজার হাজার মানুষ ‘মৌলিক আইন’ ও সরকারের প্রতি তাদের অসন্তোষ জানিয়ে বিক্ষোভ করে। এই বিতর্কের পরিপ্রেক্ষিতে হাঙ্গেরির সঙ্গে আইএমএফ ও ইউরোপীয় ইউনিয়নের নতুন একটি আর্থিক চুক্তি হবে কি না সে বিষয়ে সন্দেহ দেখা দিয়েছে। হাঙ্গেরির বাজার ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে ওই আর্থিক চুক্তিটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। সরকারবিরোধী সলিডারিটি মুভমেন্ট ওই বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২৬ ঘ.