সিউল, জানুয়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-উত্তর কোরিয়াকে পরমাণু কর্মসূচি বন্ধ করা এবং সুযোগের সদ্ব্যবহার করে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মায়ুং-বাক।
পরমাণু কর্মসূচি বন্ধ করলে উত্তর কোরিয়ার বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করারও প্রস্তাব দিয়েছেন তিনি।
নতুন বছর উপলক্ষ্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদ ‘ব্লু হাউস’ থেকে দেওয়া এক ভাষণে লি বলেন, “আমরা সুযোগের দ্বার খোলা রেখেছি। উত্তর কোরিয়া আন্তরিকভাবে এগিয়ে এলে আমরা একসঙ্গে কোরীয় উপদ্বীপের জন্য নতুন যুগের দ্বার খুলতে পারবো।”
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট আরো বলেন, “উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি বন্ধ করলেই ছয়-জাতি আলোচনা আবার শুরু করা সম্ভব হবে। আর ছয়পক্ষীয় চুক্তির মধ্য দিয়ে আমরা উত্তর কোরিয়ার নিরাপত্তা উদ্বেগ কমানো ছাড়াও তাদের অর্থনীতি পুনরুজ্জীবিত করতে প্রয়োজনীয় সম্পদ সরবরাহ করতে প্রস্তুত থাকবো।”
২০০৮ সালে উত্তর কোরিয়া সাহায্যের বিনিময়ে নিরস্ত্রীকরণ চুক্তি থেকে বের হয়ে আসার পর ছয়জাতি পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা বন্ধ হয়ে যায়। আলোচনার ছয় দেশের মধ্যে দুই কোরিয়া ছাড়া আরো রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও জাপান।
উত্তর কোরিয়া বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন, নতুন নেতার অধীনে উত্তর কোরিয়ার নাটকীয় কোনো পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪৯ঘ.
bdnews24