২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে ৬০ ভাগ সামরিক সহায়তা কমালো যুক্তরাষ্ট্র

পাকিস্তানকে দেওয়া মোট সামরিক সহায়তার ৬০ শতাংশ কমিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা বিলে সহায়তা কমানোর ওই প্রস্তাব দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2012, 08:24 AM

Updated : 24 Aug 2022, 10:29 AM

ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানকে দেওয়া মোট সামরিক সহায়তার ৬০ শতাংশ কমিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা বিলে সহায়তা কমানোর ওই প্রস্তাব দেওয়া হয়। শনিবার প্রেসিডেন্ট বারাক ওবামা বিলটিতে সই করলে বিলটি আইনে পরিণত হয়। ২০১২ সালের জন্য ৬৬ হাজার ২শ’ কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট তৈরি করেছে যুক্তরাষ্ট্র। নতুন এ প্রতিরক্ষা বাজেটে পাকিস্তানের সামরিক সহায়তা ১শ’ ১০ কোটি ডলার কমানো হয়। বিদ্রোহদমন তহবিল খাতে পাকিস্তানকে সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। কংগ্রেসকে দেওয়া যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, সন্ত্রাসবিরোধী যুদ্ধে ইসলামাবাদ ক্রমেই উন্নতি করছে। বিশেষ করে, হাতে তৈরি বোমা (আইইডি) যা রাস্তার পাশে পেতে রাখা বোমা হিসেবে ব্যবহার করা হয় তার নির্মাণ প্রতিরোধে পাকিস্তানের গৃহীত কৌশল খুব ভালো ভূমিকা রাখছে বলে প্রতিবেদনে জানানো হয়। তা সত্বেও মার্কিন কংগ্রেস পাকিস্তানে সামরিক সহায়তা কমানোর প্রস্তাব পাস করে। রাস্তার পাশে পেতে রাখা বোমা বা আইইডি পাকিস্তানের বিভিন্ন অবৈধ কারখানায় তৈরি করা হয়। আফগানিস্তানে সবচেয়ে বেশি মার্কিন সেনা আইইডির বিস্ফোরণেই নিহত হয়েছে। প্রতিরক্ষা বিলে সই করার পর ওবামা বিলটির কয়েকটি বিষয় নিয়ে নিজের আপত্তির কথা জানালেও পাকিস্তানের সাহায্য কমানোর বিষয়ে কোনো মন্তব্য করেননি। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্কে সৃষ্ট ফাটল আরো গভীর করবে বলে বিশ্লেষকদের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪২০ ঘ.