২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষে টুইটার কমেন্ট নিয়ে সতর্ক তারকারা

সামাজিক যোগাযোগ সাইট টুইটারে ইচ্ছেমত মন্তব্য করার দিন বোধহয় ফুরালো। নতুন বছরে টুইট করতে গিয়ে হয়তো একটু সচেতনই থাকবেন তারকারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 01:08 PM

Updated : 24 Aug 2022, 10:28 AM

লস এঞ্জেলস, জানুয়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সামাজিক যোগাযোগ সাইট টুইটারে ইচ্ছেমত মন্তব্য করার দিন বোধহয় ফুরালো। নতুন বছরে টুইট করতে গিয়ে হয়তো একটু সচেতনই থাকবেন তারকারা। কারণ, ২০১১ সালে অনেক তারকার জীবনেই ঝড় বয়ে এনেছে এই টুইটার। টুইটারের কারণে সর্বশেষ তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের মোটরগাড়ি রেস পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ন্যাশনাল এ্যসোসিয়েশন ফর স্টক কার অটো রেসিং’য়ের (এনএএসসিএআর) চালক ক্যাসি কাহনে। জনসমক্ষে মাতৃদুগ্ধ পান করানো নিয়ে টুইটারে কটু মন্তব্য করার কারণে সম্প্রতি ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন তিনি। তবে কেবল যে কাহনেই টুইটারের ফাঁদে পড়েছেন তা নয়। ২০১১ সালে টুইটারের ঝড়ের কবলে পড়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য অ্যান্থনি ওয়েনার, হলিউড অভিনেতা অ্যাশটন কুচার ও কমেডিয়ান গিলবার্ট গটফ্রিড। এক কলেজ ছাত্রীকে যৌন সুড়সুড়ি দিতে নিজের একটি আন্ডারওয়্যারের ছবি পাঠিয়ে ব্যাপক সমালোচনার মুখে এক সময়ের প্রভাবশালী ডেমোক্রেট অ্যান্থনি ওয়েনার গত জুনে পদত্যাগ করতে বাধ্য হন। ওদিকে, নভেম্বরে যুক্তরাষ্ট্রের পেন অঙ্গরাজ্যের ফুটবল কোচ জো পাটেরনো ও তার সহকারী জেরি সেনডাস্কির যৌন কেলেঙ্কারি নিয়ে টুইটারে মন্তব্য করার কারণে জনরোষের মুখে পড়েন অভিনেতা কুচার। অন্যদিকে, মার্চে জাপানের ভূমিকম্প ও সুনামি নিয়ে আপত্তিজনক মন্তব্য করায় গিলবার্ট গটফ্রিডের ক্যারিয়ারে ধস না নামলেও যথেষ্ট মূল্য দিতে হয়েছে তাকে। টুইটারে পাঠানো এক মন্তব্যে তিনি লিখেছিলেন, “জাপান সত্যিই অগ্রসর হয়েছে। তাদের সমুদ্র সৈকতে যেতে হয় না, সৈকতই তাদের কাছে আসে।” পপ সংস্কৃতির বিশেষজ্ঞদের মতে, এসব ঘটনার কারণে ২০১১ সালকে তারকা ও রাজনীতিবিদদের জন্য টার্নিং পয়েন্ট হিসেবে মনে করা হচ্ছে। কারণ এ বছরেই তারা টুইটারের খারাপ দিক সম্পর্কে জানতে পেরেছেন এবং যাচাই বাছাই না করে টুইটারে কোনো মন্তব্য পাঠানো বন্ধ করেছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/বিসিএস/এলকিউ/১৯০৫ঘ.