২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ব্যাংকিং নিষেধাজ্ঞা

ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 11:05 AM

Updated : 24 Aug 2022, 10:28 AM

হনলুলু, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে বিদেশি আর্থিক প্রতিষ্ঠানগুলোর লেনদেনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা শনিবার একটি প্রতিরক্ষা বিলে সই করেন। ওই বিলের একটি ধারায় ইরানের ওপর নতুন কঠোর নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়। ওবামা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংকসহ সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো এ নিষেধাজ্ঞার আওতায় পড়বে। লেনদেনের ওপর ভিত্তি করে ব্যাংকগুলোকে দুই থেকে ছয় মাসের সতর্কীকরণ সময় দেয়া হবে। এ আইনের আওতায় ইরানের সঙ্গে আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠানকে মার্কিন অর্থ বাজারে নিষিদ্ধ করা হবে। তবে, আইনের আরেকটি ধারা অনুযায়ী, ইরানের সঙ্গে লেনদেন উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে এমন কোনো রাষ্ট্রের প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট অব্যহতি দিতে পারবেন। এছাড়া যুক্তরাষ্ট্রের জাতীয় নিরপত্তা কিংবা জ্বালানী বাজারের স্থিতিশীলতার জন্য জরুরি কোনো প্রয়োজনেও প্রেসিডেন্ট কোনো প্রতিষ্ঠানকে ছাড় দিতে পারবেন। এক্ষেত্রে প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে অবহিত করবেন। তবে ছাড় হবে সাময়িক, যদিও তা বর্ধিত করা যাবে। ওই ঊর্ধ্বতন কর্মকর্তা আরো বলেন, “আন্তর্জাতিক তেলের বাজারে আইনটির বিরূপ প্রতিক্রিয়া এড়াতে সময়ের সাথে ধাপে ধাপে আমরা এটি বাস্তবায়ন করতে চাই। যাতে ইরান ছাড়া বিশ্বের অন্য কোনো দেশের ক্ষতি না হয়।” উল্লেখ্য, ইরানের কেন্দ্রীয় ব্যাংক দেশটির তেল রাজস্ব আয়ের প্রধান অর্থ আদায়ী প্রতিষ্ঠান। অবকাশ যাপনে থাকা বারাক ওবামা হাওয়াইয়ে বিলটি সই করেছেন। বিল সইয়ের কয়েকঘন্টা আগে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা বিলম্বিত করার ঘোষণা দেয় ইরান। এসময় নিজেদের বিতর্কিত পরমাণু প্রকল্প নিয়ে আলোচনায় প্রস্তুত থাকারও ইঙ্গিত দেয় দেশটি। ইরানের ওপর আরোপিত নতুন এই নিষেধাজ্ঞা বিশ্ব জ্বালানী বাজারের ক্ষতি ছাড়াই যেন কার্যকর করা যায়, সে লক্ষ্যে সহযোগীদের সঙ্গে ওয়াশিংটন আলোচনা চালাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের উর্ধ্বতন কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এবি/এলকিউ/১৭০২ঘ.