২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়াজুড়ে নতুন করে বিক্ষোভ

প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনাবসানের দাবিতে সিরিয়াজুড়ে নতুন করে বিক্ষোভ করেছে লাখো মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 04:11 PM

Updated : 24 Aug 2022, 04:26 PM

আম্মান, ৩০ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনাবসানের দাবিতে সিরিয়াজুড়ে নতুন করে বিক্ষোভ করেছে লাখো মানুষ। শুক্রবারের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে বাধা দিতে তালবিসেহ শহরের কাছাকাছি সেনারা রাস্তা অবরোধ করলে সেখানে হামলে পড়ে বিক্ষোভকারীরা। উত্তরাঞ্চলীয় প্রদেশ ইদলিবে বিক্ষোভকারীরা "বাশার, তুমি থাকা সত্ত্বেও রাস্তান মুক্ত মানুষের ঘাঁটি" শীর্ষক প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেছে। হোমস শহরের মিছিলে বিক্ষোভকারীরা শ্লোগান দেয়, "বাশার তুমি সরে দাঁড়াও, সিরিয়া স্বাধীনতা চায়।" ওদিকে, দেশের কেন্দ্রস্থলে সরকার সমর্থক সেনা ও বিদ্রোহীদের মধ্যে লড়াই চলছে বলে জানিয়েছে মানবাধিকার কর্মীরা। ছয় মাস আগে আসাদের বিরূদ্ধে আন্দোলন শুরু হওয়ার পর থেকে এই প্রথম রাস্তান শহরে সরকারের অনুগত সেনারা বিদ্রোহী সেনাদের সঙ্গে সশস্ত্র যুদ্ধ শুরু করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, রাস্তানে 'সন্ত্রাসীদের' বিরুদ্ধে অভিযানে ৭ সেনা ও পুলিশ নিহত হয়েছে। এছাড়া সেনারা 'সশস্ত্র সন্ত্রাসীদের অনেক বড় ক্ষতি করতে পেরেছে' বলেও জানিয়েছে গণমাধ্যমটি। জাতিসংঘ জানিয়েছে, আসাদ-বিরোধী বিক্ষোভে ২ হাজার ৭০০ লোককে হত্যা করা হয়েছে। এ বছর তিনটি আরব রাষ্ট্রে সরকার পতন হয়েছে। পতনের এই ধারায় সিরিয়ায়ও রক্তক্ষয়ী সংঘর্ষ গণভ্যুত্থান শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৮ ঘ.