ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাক্কানি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে জোর লড়াইয়ের জন্য পাকিস্তানের ওপর চাপ বাড়াতে এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়েছে ন্যাটো।
পাকিস্তানকেই জঙ্গিদের নিরাপদ আস্তানা উল্লেখ করে তাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই শুরু করতে বলেছেন ন্যাটো মহাসচিব আন্দ্রে ফ রাসমুসেন। 'দ্য ডন' পত্রিকা শুক্রবার এ খবর দিয়েছে।
এতে বলা হয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ বাড়তে থাকার মধ্যেই রাসমুসেন আফগানিস্তানে স্থিতিশীলতা নিশ্চিত করতে ইসলামাবাদকে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
গবেষণা ও পরামর্শদাতা প্রতিষ্ঠান ইউরোপীয় পলিসি সেন্টার আয়োজিত এক প্রতিরক্ষা ফোরামে রাসমুসেন বলেন, সীমান্ত এলাকায় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে যথাসম্ভব লড়াইয়ের জন্য আমা পাক সেনাবাহিনী ও সরকারকে তাগাদা দিচ্ছি।
তিনি বলেন, "আসলে আফগানিস্তানে আমাদের সেনাদের নিরাপত্তা সমস্যার কারণেই মূলত পাকিস্তান সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা হয়ে উঠছে।"
"আমাদেরকে এ পরিস্থিতি মোকাবেলা করতে হবে। আমাদের পারস্পরিক স্বার্থেই তা করতে হবে। আর এ কারণেই আমরা পাকিস্তান কর্তৃপক্ষকে স্পষ্ট কথা জানিয়ে দিয়েছি।"
পাকিস্তান সীমান্ত এলাকার জঙ্গিদের, বিশেষত, হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে যুক্তরাষ্ট্র প্রয়োজনে যে কোনো পদক্ষেপ নিয়ে নিজেদের সুরক্ষা ব্যবস্থা করবে বলে ইতোমধ্যেই হুঁশিয়ার করেছে।
১৩ সেপ্টেম্বরে আফগানিস্তানের মার্কিন দূতাবাসের কাছে হামলার জন্য আফগানিস্তানে তৎপর হাক্কানি জঙ্গি দলকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। এ দলটির সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকারও অভিযোগ করেছে তারা।
কিন্তু পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করে আসছে। পাকিস্তানের গোয়েন্দাপ্রধান আহমাদ সুজা পাশা এ অভিযোগ নাকচ করেছেন।
ওদিকে, রয়টার্স এক খবরে জানিয়েছে, আফগান তালেবানের সঙ্গে জড়িত থাকা এবং তাদের অর্থ সহায়তা দেওয়ার সন্দেহে হাজি মালিক নুরজাই নামের এক পাকিস্তানির ওপর বৃহস্পতিবার নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।
নুরজাই এ অভিযোগ অস্বীকার করে রয়টর্সকে বলেছেন, তিনি পাকিস্তানের এক বৈধ ব্যবসায়ী।
পাকিস্তান, আফগানিস্তান, জাপান, উগান্ডাসহ আরো কয়েকটি দেশে গাড়ি ও ডন্ত্রপাতি আমদানী-রপ্তানির কাজ করেন তিনি। তালেবান কিংবা হাক্কানির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
পাকিস্তানও নুরজাইয়ের সঙ্গে তালেবানের যোগসাজশ থাকার অভিযোগ অস্বীকার করেছে।
কিন্তু যুক্তরাষ্ট্র নুরজাইসহ তার ভাই ফয়জুল্লাহর বিরুদ্ধেও একই অভিযোগ করেছে এবং এ দুজনসহ আরো তিন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৩৯ ঘ.
bdnews24