২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'লিবিয়ার সির্তে থেকে পালাতে শুরু করেছে মানুষ'

লিবিয়ার উপকূলীয় শহর সির্তে থেকে বেসামরিক লোকজন পালাতে শুরু করেছে বলে জাতিসংঘ ও অন্যান্য সূত্র জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 08:19 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

ত্রিপোলি, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার উপকূলীয় শহর সির্তে থেকে বেসামরিক লোকজন পালাতে শুরু করেছে বলে জাতিসংঘ ও অন্যান্য সূত্র জানিয়েছে। শহরটি থেকে লিবিয়ার ক্ষমতাচ্যুত সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির অনুগত বাহিনীকে উচ্ছেদে তুমুল লড়াই চলছে। আর এতে করে সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটছে। বৃহস্পতিবার অন্তর্র্বতীকালীন সরকারের সেনাবাহিনী আবারো সির্তের বিমানবন্দর দখলে নিয়েছে। গাদ্দাফি অনুগতরা তাদের নিয়ন্ত্রণে থাকা অবশিষ্ট দুটি এলাকার একটিকে রক্ষায় দূরপাল্লার বন্দুকসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র দিয়ে গোলাগুলি করছে এবং রকেট হামলা চালাচ্ছে। তবে গাদ্দাফির নিজ শহর সির্তে দীর্ঘদিন ধরে চলা এ লড়াইয়ে প্রায় ১ লাখ মানুষ আটকে পড়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। বুধবার ত্রাণ সহায়তাকারী সংস্থাগুলো জানায়, হতাহতের সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে পানি, বিদ্যুৎ ও খাবার সরবরাহ কমে যাওয়ায় সির্তেয় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ত্রিপোলিতে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক জাতিসংঘের এক মুখপাত্র বৃহস্পতিবার টেলিফোনে রয়টার্সকে জানায়, সির্তে থেকে আহত সেনাদের সরিয়ে নিতে অ্যাম্বুলেন্সের জন্য জ্বালানি সরবরাহে লিবিয়ার অন্তর্র্বতীকালীন সরকার জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। জাতিসংঘ পানিভর্তি ট্রাক পাঠিয়েছে বলেও জানান তিনি। তবে শহরটিতে লড়াই চলায় ও বনি ওয়ালিদের চারপাশে নিরাপত্তাহীনতা বাড়তে থাকায় এসব এলাকায় সাহায্যকারী সংস্থার কর্মীদের পক্ষে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ত্রিপোলিতে অন্তর্র্বতীকালীন সরকারের প্রধানমন্ত্রী মাহমুদ জিব্রিল জানান, গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহে আহত সেনাদের চিকিৎসায় এবং বিদেশে শিক্ষারত লিবীয় শিক্ষার্থীদের জন্য ৪০ কোটি ডলার বরাদ্দ দিয়েছে সরকার। এদিকে গাদ্দাফির এক ছেলে সাদিকে গ্রেপ্তারের আহ্বান জানিয়ে সতর্কতা জারি করেছে পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল। ইন্টারপোল জানায়, এনটিসি'র অনুরোধেই তারা কাজ করছে। তিন সপ্তাহ আগে সাদি নাইজারে পালিয়ে গেছে। ইন্টারপোল ইতোমধ্যেই গাদ্দাফি, তার ছেলে সাইফ আল ইসলাম ও তার গোয়েন্দা প্রধান আব্দুল্লাহ আল-সেনুসিকে গ্রেপ্তারে 'রেড নোটিশ' জারি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪১৭ ঘ.