২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে আল জাজিরা কার্যালয়ে পুলিশের হানা

সংবাদ চ্যানেল আল জাজিরার কায়রো কার্যালয়ে চলতি মাসে দ্বিতীয় বারের মতো ঝটিকা অভিযান চালিয়েছে মিশরীয় পুলিশ। যথাযথ কাগজপত্র ছাড়াই এই সংবাদ চ্যানেলটি কাজকর্ম চালাচ্ছে অভিযোগে প্রতিষ্ঠানটির যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2011, 07:29 AM

Updated : 24 Aug 2022, 04:26 PM

কায়রো, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সংবাদ চ্যানেল আল জাজিরার কায়রো কার্যালয়ে চলতি মাসে দ্বিতীয় বারের মতো ঝটিকা অভিযান চালিয়েছে মিশরীয় পুলিশ। যথাযথ কাগজপত্র ছাড়াই এই সংবাদ চ্যানেলটি কাজকর্ম চালাচ্ছে অভিযোগে প্রতিষ্ঠানটির যন্ত্রপাতিও বাজেয়াপ্ত করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার চালানো ওই অভিযানে আল জাজিরার এক সংবাদকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে বলেও জানিয়েছে সংবাদ চ্যানেলটি। আল জাজিরার মিশর শাখার সদর দপ্তরে চলতি মাসের শুরুর দিকে প্রথম সরকারি বাহিনী অভিযান চালায়। সংবাদ পরিবেশনের জন্য যথাযথ কাগজপত্র নেই (লাইসেন্স) বলে কর্তৃপক্ষের দাবি। কিন্তু দেশটির অধিকারকর্মীরা বলছে ভিন্ন কথা। তাদের অভিযোগ, সংবাদমাধ্যমের ওপর বৃহত্তর পরিসরে বিধি-নিষেধ আরোপের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। কিন্তু মিশরের বর্তমান ক্ষমতাসীন সেনা পরিষদ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে। আল জাজিরার কায়রো শাখার প্রধান আহমেদ জেইন রয়টার্সকে বলেন, "সরকারি কর্মকর্তারা যখন আমাদের কার্যালয়ে আকস্মিক অভিযান শুরু করে তখন আমরা খুব বিস্মিত হই। তারা তাদের পরিচয় দিতে অস্বীকৃতি জানায় এবং আমাদের সাথে দুর্ব্যবহার করে। আমাদের এক সাংবাদিক সহকর্মীকে ধরেও নিয়ে যায়।" তিনি আরো জানান, আল জাজিরার সদর দপ্তরের জন্য অন্য কোনো ঠিকানা ব্যবহার করে নতুন অনুমতিপত্র (লাইসেন্স) নিতে বলা হয়। সে অনুযায়ী তারা ইতোমধ্যে সবকিছু সম্পন্ন করেছে। আগামী রোববার তারা অনুমতিপত্র পাবেন বলেন আশা করা হচ্ছে। ১৯৯৬ সালে যাত্রা শুরু করার পর আল জাজিরা মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী ও জনপ্রিয় সংবাদ চ্যানেলে পরিণত হয়। ওই অঞ্চলের শাসকেরা বরাবরই সংবাদমাধ্যমগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে থাকে। ফলে আল জাজিরার সাথে শাসকদের নানা জটিলতার সৃষ্টি হয়। মিশরের ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের শাসনামলে প্রায়ই আল জাজিরাকে নাজেহাল হতে হয়েছে। আন্দোলনকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ এনে জানুয়ারিতে মিশরে আল জাজিরার কার্যক্রম বন্ধও করে দেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতে মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের বিরুদ্ধে গণআন্দোলন শুরু হয়। ওই আন্দোলনের মুখে ৩০ বছরের শাসন ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হন মুবারক। দেশটির তথ্যমন্ত্রী ওসামা হেইকাল গত সপ্তায় রয়টার্সকে বলেন, আল জাজিরার সাথে সরকারের কোনো সমস্যা নেই। কিন্তু সংবাদ চ্যানেলটি প্রয়োজনীয় অনুমতি ছাড়াই কার্যক্রম চালাচ্ছে। তিনি আরো বলেন, "এটি এমন একটি বিষয় যা দেশের সার্বভৌমত্বকে স্পর্শ করেছে, কেননা তারা আইনি কোনো বৈধতা ছাড়াই তাদের কার্যক্রম চালাচ্ছে।" গত জুলাইয়ে অধিকার গোষ্ঠীগুলো সাংবাদিকও ব্লগার নাজেহালের প্রায় অর্ধডজন ঘটনার তথ্যপ্রমাণ সংগ্রহ করে। ওই সাংবাদিকদের সংবাদ ও ব্লগারদের অভিমতগুলোতে ক্ষমতাসীন সেনা পরিষদের কঠোর সমালোচনা ছিল। তখন থেকে সাংবাদিক ও ব্লগার নাজেহালের ঘটনা আরো বেড়েছে বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩২৪ ঘ.