আম্মান, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থকরা বৃহস্পতিবার টমেটো, পাথর ছুড়ে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট ফোর্ডের ওপর চড়াও হয়েছে।
ফোর্ড ও অন্যান্য মার্কিন কূটনীতিকরা দামেস্কয় আসাদ-বিরোধী এক প্রবীণ রাজনীতিবিদ হাসান আব্দুল আজিমের সঙ্গে দেখা করতে গেলে আসাদ সমর্থকদের এ রোষের মুখে পড়েন।
হামলায় দূতাবাসের দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ভবনের ভেতর প্রায় ২ ঘণ্টা আটকা পড়েন ফোর্ড।
সিরিয়ায় বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য ফোর্ডের বিরুদ্ধে অভিযোগ তোলে বিক্ষুদ্ধরা। সিরিয়া সরকারও দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে।
সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে এ নিয়ে দুবার মার্কিন কূটনীতিকদের ওপর হামলা হলো।
জুলাইয়ে ফ্রান্সের রাষ্ট্রদূতকে সঙ্গে নিয়ে ফোর্ডের হামা শহর পরিদর্শনকে কেন্দ্র করে দামেস্কর যুক্তরাষ্ট্র দূতাবাসে হামলা করেছিলো আসাদ সমর্থকরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৩৬ঘ.
bdnews24