২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরো তহবিল সহায়তা নিয়ে ভোটে জয়ী ম্যার্কেল

ইউরোজোন সঙ্কট মোকাবেলায় গ্রিসের মতো দেশগুলোকে বাড়তি ইইউ তহবিল সহায়তা দেওয়া নিয়ে জার্মানির পার্লামেন্টে ভোটে বৃহস্পতিবার জয় পেয়েছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

বার্লিন, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোজোন সঙ্কট মোকাবেলায় গ্রিসের মতো দেশগুলোকে বাড়তি ইইউ তহবিল সহায়তা দেওয়া নিয়ে জার্মানির পার্লামেন্টে ভোটে বৃহস্পতিবার জয় পেয়েছেন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। পার্লামেন্টের নিম্নকক্ষ বুন্ডেসটাগে বেইলআউট তহবিল বাড়ানো নিয়ে এ ভোটকে ম্যার্কেলের জন্য পরীক্ষা হিসাবেই দেখা হচ্ছে। কারণ, তার জোটের একটি অংশ ইতোমধ্যেই বিলটির বিরোধিতা করার সংকল্প নিয়েছে। তাছাড়া, জার্মানদের অনেকেই গ্রিসের মতো ঋণ সংকটে জর্জরিত ইউরোজোনের দেশগুলোকে অতিরিক্ত অর্থ সহায়তা দেওয়ার বিপক্ষে। কিন্তু ইউরো এলাকার এক দেশ সঙ্কটে পড়লে বাকিরাও ক্ষতিগস্ত হবে এ যুক্তিতে আঙ্গেলা ম্যার্কেল ইউরোর স্থিতিশীলতার স্বার্থে গ্রিসকে সহায়তা করতে চান। আর সেকারণেই বাড়তি ইইউ বেইলআউট নিয়ে ভোটের পদক্ষেপ নেয় জার্মান পার্লামেন্ট। পার্লামেন্টে উপস্থিত ৬১১ সদস্যের মধ্যে বিলের পক্ষে পড়ে ৫২৩ ভোট, বিপক্ষে পড়ে ৮৫টি এবং তিনজন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন। এরপর বিলটি পার্লামেন্টের উচ্চকক্ষেও পাস হবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার উচ্চকক্ষে বিলটি নিয়ে ভোট হওয়ার কথা রয়েছে। এ ভোটের মধ্য দিয়ে ভবিষ্যতে ইউরোজোনের সঙ্কট জর্জরিত দেশগুলোকে 'ইউরোপিয়ান ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি' (ইএফএসএফ) সহায়তা হিসাবে জার্মানির ১২৩ বিলিয়ন ইউরোর পরিবর্তে ২১১ বিলিয়ন ইউরো দেওয়ার পথ সুগম হবে। গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপন্দ্রেউ মঙ্গলবার দেশকে ঋণ সঙ্কট থেকে উদ্ধার করতে জার্মানির ব্যবসায়িক নেতাদের কাছে তহবিল সহায়তার আকুল আবেদন জানান। গ্রিস আগেই প্রথম দফার আন্তর্জাতিক অর্থ সহায়তা পেয়ে গেলেও তার সুফল এখনো দেখা যায়নি। আর তাই গ্রিসকে দ্বিতীয় দফায় সাহায্য দেওয়া নিয়ে সংশয়ে আছে ইউরোপ। প্রত্যেক দফা সাহায্যের জন্য গ্রিসকে বেঁধে দেওয়া হয়েছে কড়া শর্ত। গ্রিস শেষ পর্যন্ত ঋণ খেলাপি হয় কিনা সে আশঙ্কায় এ পরিস্থিতি মোকাবেলায় ৪৪০ বিলিয়ন ইউরো তহবিল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। ইউরোজোনের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ হিসাবে জার্মানি এ তহবিলের বড় একটা অংশ দেবে এ প্রত্যাশা থেকেই দেশটির অবদান বাড়িয়ে ২১১ বিলিয়ন ইউরো করা নিয়ে এ ভোট হলো। গোটা বিশ্বই তাকিয়ে ছিলো এ ভোটের দিকে। এতে ভালোভাবেই উতরে গেলেন ম্যার্কেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৩৫ঘ.