ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত প্রায় ৩ হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র।
গত সপ্তাহে ৫০টি অঙ্গরাজ্যে 'অপারেশন ক্রস চেক' নামের এক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট ব্যুরো (আইসিই) জানিয়েছে।
এই অভিযানে ১৯শ' পুলিশ অংশ নেয় বলে বিবিসি জানায়।
আটককৃতদের মধ্যে সাজাপ্রাপ্ত ব্যক্তি রয়েছে ১৬ শ' জন। এছাড়া ৪২ জন সন্ত্রাসী ও ১৫১ জন যৌন অপরাধীও রয়েছে।
আটককৃত ১৩ শ'রও বেশি ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
আইসিই জানায়, সাজাপ্রাপ্তদের মধ্যে ৬৮১ জনকে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেওয়া হলেও তারা তা মানে নি। আর ৩৮৬ জনকে একাধিকবার যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানোও হয়েছিলো।
২০০৯ সালের ডিসেম্বর মাস থেকে আঞ্চলিক বা রাজ্য অনুযায়ী 'ক্রস চেক' অপারেশন চালানো হচ্ছে। আর এ বছরের মে মাসে প্রথম দেশব্যাপী এ অভিযান চালানো হয়। এতে গ্রেপ্তার হয় ৪ হাজার ৫০৬ জন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৩৮ ঘ.
bdnews24