২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিভিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

বলিভিয়ার রাজধানী লাপাজে বিক্ষোভকারীদের ওপর পুলিশি হামলার তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাচা লিওরেন্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 09:13 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বলিভিয়ার রাজধানী লাপাজে বিক্ষোভকারীদের ওপর পুলিশি হামলার তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাচা লিওরেন্তি। আমাজনের ভেতর দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদে রোববার বিক্ষোভ করে প্রায় হাজারো মানুষ। ওই বিক্ষোভে পুলিশ কাঁদানে গ্যাস ছোঁড়ে এবং প্রায় শ' খানেক বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। কর্তৃপক্ষের এই দমনপীড়নের বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয় বলে বিবিসি জানায়। এরপরই রোববার প্রতিরক্ষামন্ত্রী সেসিলিয়া চ্যাকোন পদত্যাগ করেন। পরবর্তীতে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সাচা লিওরেন্তি পদত্যাগ করেন বলে বিবিসি জানায়। এরআগে সোমবার স্বরাষ্ট্র উপমন্ত্রী মার্কোস ফারফানও পদত্যাগ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি বা প্রেসিডেন্ট ইভো মোরালেস কেউই বিক্ষোভকারীদের ওপর শক্তি প্রয়োগের জন্য পুলিশকে নির্দেশ দেন নি। প্রেসিডেন্ট প্রাসাদে সাংবাদিকদের তিনি বলেন, "আমি প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র দিয়েছি এবং তিনি গ্রহণ করেছেন।" বলিভিয়ার প্রেসিডেন্ট রাস্তা নির্মাণের ওপর গণভোট অনুষ্ঠানের আগ পর্যন্ত কাজ স্থগিত রেখেছেন। ব্রাজিলের অর্থায়নে ৩শ' কিলোমিটার দৈর্ঘ্যরে ওই সড়কটি ব্রাজিল হয়ে চিলি ও পেরুর প্রশান্ত মহাসাগরতীরবর্তী বন্দরকে সংযোজিত করবে। সড়কটির একটি অংশ আমাজনের সংরক্ষিত এলাকার ভেতর দিয়ে যাওয়ার কথা রয়েছে। ওই অঞ্চলটিতে তিনটি আদিবাসী গোত্রের প্রায় ৫০ হাজার মানুষের বসতি রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫১০ ঘ.