বার্লিন, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপন্দ্রেউ মঙ্গলবার দেশকে ঋণ সঙ্কট থেকে উদ্ধার করতে জার্মানির ব্যবসায়িক নেতাদের কাছে তহবিল সহায়তার আকুল আবেদন জানিয়েছেন।
বাজেট ঘাটতি কমিয়ে আনায় গ্রিসের অগ্রগতি নিয়ে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে আলোচনা করতে বার্লিন সফরে গেছেন পাপান্দ্রেউ।
সেখানে গিয়ে তিনি আম্বাস দিয়ে বলেছেন, জার্মাানি তহবিল সহায়তা দিলে তা অতীতের মত ব্যর্থতার মুখ দেখবে না বরং ভবিষ্যৎ সাফল্যের দ্বার খুলে দেবে। এ তহবিল গ্রিস ভালোভাবেই কাজে লাগাবে বলে জানান তিনি।
কয়েকমাসে গ্রিস নজিরবিহীন সংস্কারকাজ করেছে উল্লেখ করে পাপান্দ্রেউ বলেন, প্রয়োজনীয় আরো কোনো সংস্কার কাজেও গ্রিস ঢিলেমি করবে না।
গ্রিস আগেই প্রথম দফার আন্তর্জাতিক অর্থ সহায়তা পেয়ে গেলেও তার সুফল এখনো দেখা যায়নি। আর তাই গ্রিসকে দ্বিতীয় দফায় সাহায্য দেওয়া নিয়ে সংশয়ে আছে ইউরোপ। প্রত্যেক দফা সাহায্যের জন্য গ্রিসকে বেঁধে দেওয়া হয়েছে কড়া শর্ত।
এ পরিস্থিতিতে গ্রিসকে নতুন সাহায্য প্যাকেজ দেওয়া নিয়ে জার্মান পার্লামেন্টের নিম্নকক্ষে ভোট হওয়ার কথা রয়েছে আগামী বৃহস্পতিবার।
জার্মানির এ সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে ইউরো জোনের অন্য দেশগুলো। সেকারণেই বার্লিনের তহবিল পাওয়ার জন্য আস্থা অর্জন করতে চাইছেন পাপান্দ্রেউ।
জার্মানির জনমত গ্রিসকে আরো সাহায্য দেওয়ার বিপক্ষে। কিন্তু ইউরো এলাকার এক দেশ সঙ্কটে পড়লে বাকিরাও ক্ষতিগস্ত হবে এ যুক্তিতে আঙ্গেলা ম্যার্কেল ইউরোর স্থিতিশীলতার স্বার্থে গ্রিসকে সহায়তা করতে চান।
তার মতে, ইউরোজোনের বৃহত্তর স্বার্থেই গ্রিসকে এ যাত্রায় উদ্ধার করা প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১১৯ঘ.
bdnews24