২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনের আবেদন নিয়ে জাতিসংঘ আলোচনা শুরু

রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আবেদন নিয়ে আলোচনা শুরু করেছে নিরাপত্তা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

জাতিসংঘ, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আবেদন নিয়ে আলোচনা শুরু করেছে নিরাপত্তা পরিষদ। গত সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ আবেদন জমা দেওয়ার পর সোমবার দ্বিধাবিভক্ত জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি নিয়ে প্রথম রুদ্ধদ্বার বৈঠক হয়েছে। আবেদনটিতে ১৫ সদস্য বিশিষ্ট নিরাপত্তা পরিষদের অন্তত নয় সদস্যের সমর্থন প্রয়োজন। তবে যুক্তরাষ্ট্র আবেদনটিতে আগেই ভেটো দেয়ার ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনের এ আবেদন নিয়ে ভোটাভুটি হতে কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে বলে জানিয়েছেন কূটনীতিকরা। সোমবার ১ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট ও লেবাননের রাষ্ট্রদূত নওয়াফ সালাম জানান, নিরাপত্তা পরিষদ বুধবার আবার বিষয়টির ওপর আনুষ্ঠানিক আলোচনায় বসবে। নিরাপত্তা পরিষদ ফিলিস্তিনের আবেদনটি একটি বিশেষ কমিটির কাছে পাঠাবে বলে মনে করা হচ্ছে। ওই কমিটি তখন বিষয়টি বিচার-বিশ্লেষণ করে তাদের সুপারিশ জানাবে। জাতিসংঘে ফিলিস্তিনি প্রতিনিধি রিয়াদ মনসুর সাংবাদিকদের বলেন, "প্রক্রিয়া শুরু হয়েছে। নিরাপত্তা পরিষদ দায়িত্বশীলতার পরিচয় দেবে এবং ইতিবাচক মনোভাব নিয়েই আবেদনে সাড়া দেবে বলে আমরা আশা করছি।" জাতিসংঘ সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ রাষ্ট্র ফিলিস্তিনকে সমর্থন দিয়েছে বলেও জানিয়েছেন রিয়াদ মনসুর । যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রবল বিরোধিতার মুখেও শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পশ্চিম তীর ও গাজা নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার জন্য জাতিসংঘে আবেদন জানান আব্বাস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে বলছে, ফিলিস্তিন- ইসরায়েল শান্তি আলোচনার মাধ্যমেই কেবল এ বিষয়ের সুরাহা সম্ভব। জাতিসংঘে বর্তমানে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অন্তর্ভূক্ত ফিলিস্তিন। নিরাপত্তা পরিষদের অস্থায়ী ১০ সদস্যের মধ্যে ছয় সদস্য ফিলিস্তিনের পক্ষে ভোট দেবে বলে আশা করা হচ্ছে। অপর দিকে চার সদস্য বসনিয়া, কলোম্বিয়া, গ্যাবন এবং নাইজেরিয়া বিষয়টি সম্পর্কে স্পষ্ট অবস্থান না জানালেও ইউরোপীয় ইউনিয়নের চার সদস্য রাষ্ট্র ভোট দেয়া থেকে বিরত থাকবে কিংবা ফিলিস্তিনের বিপক্ষে ভোট দেবে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮১৭ঘ.