কাবুল, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আফগানিস্তানের রাজধানী কাবুলে সিআইএ দপ্তরে যুক্তরাষ্ট্র সরকার নিযুক্ত এক আফগান কর্মচারীর গুলিতে এক মার্কিন নাগরিকসহ হামলাকারী নিহত হয়েছে।
এ ঘটনায় অপর এক মার্কিন ও এক আফগান নাগরিক আহতও হয়েছে।
রোববার রাতে এ ঘটনা ঘটে। তবে সিআইএ দপ্তরে হতাহতের ঘটনা কিভাবে ঘটল তার সুষ্পষ্ট কোন বিবরণ পাওয়া যায়নি। সিআইএর দপ্তরটি মার্কিন দূতাবাস সংলগ্ন সাবেক আরিয়ানা হোটেল ভবনে অবস্থিত।
কাবুলের যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র গ্যাভিন স্যান্ডওয়াল সোমবার জানান, "রোববার রাতে কাবুলের যুক্তরাষ্ট্র দূতাবাস সংলগ্ন একটি দপ্তরে গুলিবর্ষণ হয়েছে। ঘটনার সঙ্গে দূতাবাসের এক আফগান কর্মী জড়িত। ঘটনাস্থলে সেও নিহত হয়েছে। এ ঘটনার তদন্ত এখনও চলছে।"
ঘটনায় আহত মার্কিন নাগরিককে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার আঘাত গুরুতর নয় বলে জানিয়েছেন গ্যাভিন।
এ ঘটনায় তালেবানের কোন প্রতিক্রিয়া বা তারা জড়িত কিনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
মাত্র দুই সপ্তাহের মধ্যে কাবুলের মার্কিন দূতাবাসে দুটি হামলার ঘটনা ঘটলো।
দুই সপ্তাহ আগে মার্কিন দূতাবাস ও আফগান সরকারী ভবনে আত্মঘাতী জঙ্গিদের হামলায় ২৫ জন নিহত হয়।
এসব ঘটনায় কাবুলের সবচেয়ে সুরক্ষিত এলাকা যেখানে আফগান প্রেসিডেন্টর বাসভবন, মার্কিন দূতাবাস ও মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি আছে, সে এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
ঘটনাস্থল এমন জায়গায় যেখানে আফগান সেনাদের প্রবেশাধিকারও সংরক্ষিত।
কাবুুলের পুলিশ প্রধান আইয়ুব সালাঙ্গি স্বীকার করেন, সিআইএ'র কার্যালয় হিসেবে পরিচিত অ্যারিয়ানা হোটেলে গোলাগুলির ঘটনা ঘটেছে। তবে এর বেশি কিছু জানাতে অস্বীকার করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬১৪ঘ.
bdnews24