নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ধনীদের ওপর কর আরোপ ও কর্পোরেট পুঁজির দৌরাত্ম্য কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল থেকে অন্তত ৮০ জনকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ।
শনিবার লোয়ার ম্যানহ্যাটনের রাস্তায় ওয়াল স্ট্রিট বিরোধী বিক্ষোভে নামে কয়েকশ' মানুষ। যুক্তরাষ্ট্রের অর্থ ব্যবস্থার সমালোচনা করে তারা বলেন, এ ব্যবস্থা অন্যায়ভাবে কর্পোরেট পুঁজি ও ধনীদের সুবিধা দিয়ে থাকে।
এছাড়া স্বাস্থ্যসেবা সংস্কার, যুক্তরাষ্ট্রের যুদ্ধের সমাপ্তি এবং দেশটিতে মৃত্যুদণ্ড বাতিলের দাবি জানান তারা।
এক সপ্তাহ ধরে 'অকুপাই ওয়াল স্ট্রিট' নামের বিক্ষোভ কর্মসূচি পালনের পর শনিবারের বিক্ষোভ মিছিলে ওই ধরপাকড় হয়।
বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও সদ্য লেখাপড়া শেষ করা বেকার যুবকরা এ বিক্ষোভ অংশ নেন। তাদের দাবি, যুক্তরাষ্ট্রের জনসংখ্যার ৯৯ শতাংশকে এক শতাংশ ধনীর হাত থেকে রক্ষার জন্য লড়ছেন তারা।
রিয়ান রিড নামের ২১ বছরের এক বিক্ষোভকারী বলেন, "ওয়াল স্ট্রিটের বড় ব্যবসায়ী, বড় তেল কোম্পানিগুলোর মালিকপক্ষ, কয়লা কোম্পানির মালিকপক্ষ, ঊর্ধ্বতন সামরিক কর্মকতারাই জনগণের শত্র"।"
এ সময় তারা 'ধনীর ওপর কর আরোপ কর', 'আমরা স্বাস্থ্যসেবার জন্য অর্থ চাই, কর্পোরেট কল্যাণের জন্য নয়' লেখা প্ল্যাকার্ড বহন করে। গত সপ্তাহে জর্জিয়া অঙ্গরাজ্যে ট্রয় ডেভিসকে মৃত্যুদণ্ড দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
তারা স্লোগান দেয়, "ওয়াল স্ট্রিট দখল কর। পুরো দিন, পুরো সপ্তাহ।"
পুলিশের পক্ষ থেকে বলা হয়, শৃঙ্খলাভঙ্গের জন্যই অধিকাংশকে গ্রেপ্তার করা হয়েছে। তবে একজনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।
বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করে গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করে বলে দাবি করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৭০৫ ঘ.
bdnews24