২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়ায় চলছে সির্ত দখলের লড়াই

লিবিয়ায় চলছে পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সির্ত দখলের লড়াই। অন্তর্বর্তী সরকার বাহিনী শহরটির আরো ভেতরে প্রবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 11:32 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

সির্তে, লিবিয়া, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টর্স)- লিবিয়ায় চলছে পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির জন্মশহর সির্ত দখলের লড়াই। অন্তর্বর্তী সরকার বাহিনী শহরটির আরো ভেতরে প্রবেশ করেছে। সেনারা শহরটির পশ্চিম ও পূর্ব দিক থেকে ভেতরে প্রবেশ করে শহরের কেন্দ্রস্থলের ১ কিলোমিটারের মধ্যে অগ্রসর হয়েছে। শহরের কেন্দ্রস্থল থেকে গুলির শব্দ ও কালো ধোঁয়া দেখা যাচ্ছে। অন্তবর্তী সরকার ন্যাসনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি) এর সেনারা শনিবার জাফরানে জড়ো হয়। মাঠ পর্যায়ের চিকিৎসকরা জানিয়েছেন, গাদ্দাফি পন্থি সেনাদের সঙ্গে লড়াইয়ে এনটিসির দুই সেনা নিহত ও ২০ জনেরও বেশি আহত হয়েছে। জাফরান স্কয়ার থেকে এনটিসির সেনা এল-তোহামি আবুজেইন রয়টার্সকে বলেন, "তারা (গাদ্দাফিপন্থি) মসজিদ ও ভবনের ওপর থেকে নিশানা করে গুলি চালাচ্ছে। তারা বাড়িঘর ও সরকারি ভবন ব্যবহার করছে।" এনটিসির হামলা পরিকল্পনায় সির্তেকে তিনটি অংশে ভাগ করা হয়েছে। কমান্ডার ফাতি আফহাগা রয়টার্সকে বলেন, "তারা এক নম্বর অঞ্চল নিয়ন্ত্রণ করছে এবং দু'নম্বর অঞ্চলে লড়াই করছে এবং সকাল পর্যন্ত নিয়ন্ত্রণে রেখেছে।" সির্ত দখল এনটিসি বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ। এ শহর দখল করতে পারলে গাদ্দাফির আরেকটি শক্ত ঘাঁটি হাতছাড়া হয়ে যাবে। লিবিয়ার পলাতক এ নেতা দেশের ভেতরে থেকেই লড়াই চালাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। ন্যাটো যুদ্ধবিমান থেকে হামলার ফলেই এনটিসি ছয়মাসে এতো অগ্রসর হতে পেরেছে। সেনাদের সহায়তায় সির্তেও ন্যাটো বিমান হামলা হচ্ছে। পরবর্তী ২৪ ঘণ্টায় সির্তে বেশ কয়েকটি স্থানে হামলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলেও ন্যাটো থেকে জানানো হয়েছে। এক বিবৃতিতে ন্যাটো জানায়, তাদের হামলার ফলেই গাদ্দাফি সেনাদের হাত থেকে বেসামরিক জনগণ রক্ষা পাচ্ছে। গাদ্দাফির শক্তঘাঁটিগুলোর মধ্যে সির্ত ও বানি ওয়ালিদই দখলে রয়েছে। তবে সির্তে অবস্থানরত বেসামরিক নাগরিকদের জন্য অগ্রগতি ব্যাহত হচ্ছে বলে এনটিসির এক কমান্ডার জানিয়েছেন। সির্তে ন্যাটোর বিমান হামলায় কয়েকশ' বেসামরিক লিবীয় নিহত হয়েছে বলে গাদ্দাফির এক মুখপাত্র দাবি করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২৯ঘ.