২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনের দাবি নিয়ে সোমবার বসবে নিরাপত্তা পরিষদ

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট নাওয়াফ সালাম বলেছেন, জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য ফিলিস্তিনের আবেদন নিয়ে সোমবার আলোচনায় বসবে পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 10:11 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

জাতিসংঘ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট নাওয়াফ সালাম বলেছেন, জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য ফিলিস্তিনের আবেদন নিয়ে সোমবার আলোচনায় বসবে পরিষদ। জাতিসংঘে লেবাননের রাষ্ট্রদূত সালাম চলতি মাসের জন্য নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছ থেকে ফিলিস্তিনের সদস্যপদের আবেদন গ্রহণ করার বিষয়টি তিনি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বলে জানায় চীনা বার্তা সংস্থা সিনহুয়া। সালাম বলেন, "নিরাপত্তা পরিষদের সব সদস্যের কাছে আমি ওই লিখিত আবেদন পাঠিয়েছি এবং সোমবার বিকাল ৩টায় তার ওপর আলোচনার জন্য বৈঠক আহ্বান করেছি।" জাতিসংঘের মুখপাত্র ফাহান হক বলেছেন, বান কি মুন ফিলিস্তিনের আবেদন নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে হস্তান্তর করেছেন। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার সকালে জাতিসংঘের ৬৬ তম সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য রাষ্ট্রের স্বীকৃতি চেয়ে বান কি মুনের কাছে লিখিত আবেদন তুলে দেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আব্বাস বলেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কয়েক মাস নয়, কয়েক সপ্তাহের মধ্যে ফিলিস্তিনের দাবির বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে আশা করছেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদে যোগদান শেষে শনিবার দেশে ফেরার পথে বিমানে সাংবাদিকদের তিনি বলেন, নিরাপত্তা পরিষদের সদস্যরা প্রাথমিকভাবে এ বিষয়ের ওপর আলোচনায় তেমন আগ্রহী ছিলেন না। কিন্তু শুক্রবার সাধারণ পরিষদে তার ভাষণের পর তাদের মনোভাব পাল্টেছে। ওই ভাষণে ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে জাতসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। ১৯৬৭ সালের যুদ্ধ পূর্ববর্তী সীমান্ত অনুযায়ী পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা নিয়ে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের দাবি তোলেন তিনি। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকে গাজা অবরোধ করে রেখেছে ইসরায়েল। আব্বাস বলেন, "আরব বসন্তের এই দিনে- আরবের জনগণ যখন গণতন্ত্রের দাবিতে জেগে উঠেছে- ফিলিস্তিনিদের বসন্তের, তাদের স্বাধীনতার দাবি পূরণের এখনই সময়।" তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের 'ভেটো' হুমকিতে জাতিসংঘে তাদের পূর্ণ সদস্য রাষ্ট্রের মর্যাদা পাওয়ার বিষয়টি অনেকটাই অনিশ্চিত। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২০ বছর ধরে 'মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা' চললেও ফিলিস্তিন-ইসরায়েল বিরোধ মীমাংসায় তা কোনো অগ্রগতি আনতে পারেনি। তারপরেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, জাতিসংঘে স্বীকৃতিতে নয়, কেবল ইসরায়েলের সঙ্গে সমঝোতার মাধ্যমেই ফিলিস্তিনিদের শান্তি সম্ভব। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাধারণ পরিষদে বলেন, কেবল ইসরায়েলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার পরই রাষ্ট্র পাবে ফিলিস্তিনিরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৫১৯ ঘ.