সানা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেনের রাজধানী সানায় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংসতায় অন্তত ১৭ জন নিহত হয়েছে।
তিন মাস পর প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ দেশে ফেরার পরপরই এ সহিংসতার ঘটনা ঘটেছে। গত জুনে প্রেসিডেন্ট প্রাসাদে গোলা হামলায় আহত হয়ে চিকিৎসার জন্য সৌদি আরবে যান সালেহ। শুক্রবার দেশে ফেরেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানায়, শুক্রবার মধ্যরাতে সানার 'চেঞ্জ স্কয়ারে' সমবেত বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় নিরাপত্তা বাহিনী। সকাল পর্যন্ত সেখানে মর্টার হামলার পাশাপাশি øাইপাররা গুলি চালায়। গত আট মাস ধরে কয়েক হাজার বিক্ষোভকারী এ স্কয়ারে অবস্থান নিয়ে সালেহ'র পতনের দাবিতে আন্দোলন করছে।
মোহাম্মাদ নামের এক বিক্ষোভকারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, "রাত থেকে এখন পর্যন্ত হামলা চলছে।"
সানার এক চিকিৎসক বলেন, নিরাপত্তা বাহিনীর সহিংসতায় অন্তত ছয়জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।
নিহতদের মধ্যে ১১ জন বিদ্রোহী সৈন্য রয়েছে বলে জানিয়েছেন জেনারেল আলী মোহসেনের দপ্তরের এক কর্মকর্তা। মোহসেনের নেতৃত্বাধীন সেনাবাহিনীর একটি অংশ কয়েক মাস আগেই সরকারের পক্ষ ত্যাগ করে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেয়।
ইয়েমেনে ৩০ বছর ধরে ক্ষমতা আঁকড়ে থাকা সালেহ'র পদত্যাগ দাবিতে গত জানুয়ারি থেকে বিক্ষোভ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/২০৪৮ ঘ.
bdnews24