নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কূটনীতিকদের জন্য পার্কিং টিকেট ইস্যু করে ইতোমধ্যে প্রায় ১ কোটি ৭০ লাখ ডলার আদায় করেছে নিউ ইয়র্ক সিটি। অর্থের এই পরিমাণ আরো বাড়বে।
চলতি সপ্তায় জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠককে কেন্দ্র করে বিশ্ব নেতারা নিউ ইয়র্কে জড়ো হওয়ায় অর্থের অংক আরো বাড়বে ধারণা করা হচ্ছে।
পার্কিং টিকেটের অর্থ প্রদানের দিক থেকে মিশরের কূটনীতিকরা সবচেয়ে এগিয়ে রয়েছে। তাদের কাছ থেকে আদায় করা হয়েছে ১৯ লাখ ডলার।
আর এর পরের অবস্থানেই রয়েছে নাইজেরিয়া ও ইন্দোনেশিয়া। তাদের প্রদেয় জরিমানার পরিমান যথাক্রমে ১০ লাখ ও ৭ লাখ ২৫ হাজার ডলার।
নিউ ইয়র্ক সিটিতে কোনো দেশের প্রতিনিধিরা পার্কিং ফি দিতে ব্যর্থ হলে সেদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত একটি আইন গত মে মাসে মার্কিন কংগ্রেসম্যান মিশেল গ্রিম, পিটার কিং ও এডোলফুস টাউনস পাস করেন।
বর্তমান আইন অনুযায়ী, নিউ ইয়র্ক সিটি পুরো ১১০ শতাংশ পার্কিং জরিমানা আদায় করবে। কিন্তু এ অর্থের কিছুই তারা উদ্ধার করতে পারে নি বলে গ্রিমের মুখপাত্র ডানকো জানান।
নিউ ইয়র্ক সিটিতে ২৮৯টি বিদেশি মিশন ও কনস্যুলেট রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১২০০ ঘ.
bdnews24