ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় নেতা মাইকেল সাটা জয়ী হয়েছেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বর্তমান প্রেসিডেন্ট রুপিয়াহ বান্দাকে পরাজিত করেন তিনি।
দুই দিন ধরে নির্বাচনের ভোট গণনা শেষে প্রধান বিচারপতি এমেস্ট সাকালা বুধবার সকালে সাটাকে বিজয়ী ঘোষণা করেন বলে বিবিসি জানায়।
প্যাট্রিওটিক ফ্রন্টের (পিএফ) এ নেতা জয়ী হওয়ায় দেশটিতে ২০ বছর ধরে চলা বান্দার মুভমেন্ট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসি (এমএমডি)'র শাসনামলের অবসান হলো।
এদিকে দাঙ্গার কারণে দেশটির উত্তরাঞ্চলে নির্বাচন অনুষ্ঠান বন্ধ ছিলো। নির্বাচন কমিশনের যাচাই ছাড়াই গণমাধ্যমে ঘোষিত ফলাফলে নিষেধাজ্ঞা আরোপ করায় এ দাঙ্গার সৃষ্টি হয়।
নির্বাচন কমিশন জানায়, তাদের ওয়েবসাইট হ্যাক হয়ে সেখানে সাটার বিজয়ী হওয়ার খবর প্রকাশিত হওয়ায় তারা গণমাধ্যমের ওই ফলাফলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
একসময় লন্ডনের ভিক্টোরিয়া স্টেশনের ঝাড়–দারের কাজ করা সাটার (৭৩) দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে। এমএমডি দলের পক্ষে একসময় তিনি স্থানীয় সরকার, শ্রম, সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এরপর ২০০১ সালে তিনি এ দল ত্যাগ করেন।
'কিং কোবরা' হিসেবে পরিচিত এ নেতা ২০০৮ সালের নির্বাচনে মাত্র ৩৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৪২১ ঘ.
bdnews24