জাতিসংঘ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পূর্ণ সদস্য পদের জন্য ফিলিস্তিনের আবেদন জানানোর অটল অবস্থান, যুক্তরাষ্ট্রের ভেটোর হুমকি, কূটনীতিকদের মতভেদ- এ মিলিয়ে উত্তপ্ত হতে যাচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
শুক্রবারই সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পূর্ণ সদস্যপদের আবেদন তুলে ধরছেন বলে এখন পর্যন্ত সিদ্ধান্ত। বর্তমানে ফিলিস্তিনি লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) নামে পর্যবেক্ষক হিসেবে জাতিসংঘে তাদের আসন।
পূর্ণ সদস্যের এই আবেদনে ভেটো দেওয়ার কথা আগেই বলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে তারপরও সিদ্ধান্ত থেকে সরে না আসার কথাই বলছেন আব্বাসের সহযোগীরা।
এদিকে ফিলিস্তিনের আবেদন উপস্থাপনের আগেই বৃহস্পতিবার সাধারণ পরিষদ উত্তপ্ত করে তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ ও তুরস্কের প্রধানমন্ত্রী তাইপ এরদোয়ান।
আহমদিনেজাদ অবশ্য ফিলিস্তিনের দাবির বিষয়ে কিছু না বললেও যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা করেছেন। ইসরায়েলের প্রতি পশ্চিমা দেশগুলোর অব্যাহত সমর্থনেরও নিন্দা জানান তিনি। তার বক্তব্যের প্রতিবাদে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশের কূটনীতিকরা অধিবেশন থেকে ওয়াকআউটও করেন।
তুর্কি প্রধানমন্ত্রী সরাসরি সমালোচনা করেছেন ইসরায়েলের। ইসরায়েল-ফিলিস্তন সমস্যাকে বিশ্বের 'রক্তাক্ত ক্ষত' আখ্যায়িত করে এর সমাধান না হওয়ার জন্য তেল আবিবের অসহযোগিতাপূর্ণ মনোভাবকেই দায়ী করেছেন তিনি।
ইসরায়েলের অবরোধের সমালোচনা করে এরদোয়ান বলেন, "আমি যদি এক বাক্স টমেটোও ফিলিস্তিনে পাঠাতে চাই, তাতেও ইসরায়েলের অনুমতি লাগে। এর চেয়ে অমানবিক বিষয় আর হয় না।"
দীর্ঘদিনের সংগ্রামের পথ ধরে ইয়াসির আরাফাতের নেতৃত্বে পিএলও জাতিসংঘের পর্যবেক্ষকের স্বীকৃতি পায়। সেই পাওয়ার পূর্ণতার জন্য এখন পদক্ষেপ চালাচ্ছেন মাহমুদ আব্বাস।
সাধারণ পরিষদের অধিবেশনের আগেই ওবামার সঙ্গে বৈঠকে বসেন আব্বাস। ওবামা তাকে জানিয়ে দেন, পূর্ণ সদস্য হওয়ার জন্য ফিলিস্তিনের আবেদনে ভেটো দেবে যুক্তরাষ্ট্র।
আব্বাসের সঙ্গে ওবামার বৈঠকে ছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-ও। দুই পক্ষের আলোচনার ওপর জোর দিয়ে ওবামা বলছেন, সরাসরি আলোচনা হলো ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির একমাত্র উপায়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতে, জাতিসংঘে কোনো প্রস্তাব পাস ওই অঞ্চলে শান্তি আনবে না। আলোচনাই আনতে পারে কাক্সিক্ষত শান্তি।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র ভেটো দিলে আব্বাসের চাওয়া আর আলোর মুখ দেখবে না। তবে তারপরও পিছু হটতে নারাজ ফিলিস্তিনি প্রেসিডেন্ট।
কূটনীতিকরা বলছেন, নিরাপত্তা পরিষদে আটকে গেলেও পূর্ণ সদস্য হতে ফিলিস্তিনের আবেদন নিয়ে কোনো পস্তাব সাধারণ পরিষদে যদি পাস হয়, তা-ও তাদের দাবিকে একটি বৈধতা দেবে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্যায়। আর তাই অর্জন করতে চাইছেন আব্বাস।
ফিলিস্তিনি কর্মকর্তা নাবিল সাথ বলেন, ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ পাওয়া নৈতিক, আইনগত ও সর্বমহলে স্বীকৃত দাবি।
অন্যদিকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সুসান রাইস বলেন, "নিজ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ফিলিস্তিনি জনগণের দীর্ঘ প্রতীক্ষা আমরা বুঝতে পারছি। যত দ্রুত সম্ভব তাদের কাক্সিক্ষত রাষ্ট্র অর্জনে সহায়তা করতে চাই আমরা।"
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন জানান, সুদৃঢ় শান্তি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্র চাপ প্রয়োগ অব্যাহত রাখবে।
এই মতভেদের মধ্যে ফরাসি প্রেসিডেন্ট নিকোলা সারকোজি একটি প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন। তার প্রস্তাব হলো- পর্যবেক্ষক হিসেবে কাজ করলেও ফিলিস্তিনের পূর্ণ রাষ্ট্র মর্যাদা পাওয়ার জন্য সুনির্দিষ্ট একটি সময়সীমা বেঁধে দিতে পারে সাধারণ পরিষদ।
অন্য দেশগুলোর কূটনীতিকরা এ নিয়ে হিসাব কষতে শুরু করে দিয়েছেন। মাহমুদ আব্বাস আনুষ্ঠানিক আবেদন যখন জানাবেন, তখন রামাল্লায় তার সমর্থনে রাস্তায় নামবে ফিলিস্তিনিরা। তারা চেয়ে থাকবেন, জাতিসংঘে কী হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/এমআই/১৩১১ ঘ.
bdnews24