২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মরু শহরগুলোতে নিয়ন্ত্রণ হারাচ্ছেন গাদ্দাফি

লিবিয়ার দক্ষিণাঞ্চলে কয়েকটি গুরুত্বপূর্ণ মরু এলাকা দখলে চলে এসেছে বলে দাবি করেছে দেশটির অন্তর্বর্তী শাসকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2011, 11:21 AM

Updated : 24 Aug 2022, 04:21 PM

ত্রিপোলি, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ লিবিয়ার দক্ষিণাঞ্চলে কয়েকটি গুরুত্বপূর্ণ মরু এলাকা দখলে চলে এসেছে বলে দাবি করেছে দেশটির অন্তর্বর্তী শাসকরা। পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির সর্বশেষ ঘাঁটিগুলোর মধ্যে সবচেয়ে বড় মরু শহর সাভা'র বেশির ভাগ এলাকাই বুধবার দখর করে নেওয়ার কথা জানায় লিবিয়ার অন্তর্বর্তী পরিষদ 'ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল' (এনটিসি)। বৃহস্পতিবার মরু অঞ্চল জাফরা পুরোপুরি দখলে নেওয়ার দাবি করেছে তারা। ত্রিপোলি থেকে প্রায় ৭শ' মাইল দক্ষিণপূর্বে জাফরা মরু অঞ্চলের তিনটি প্রধান শহরই দখল হয়ে গেছে বলে জানিয়েছে এনটিসি। এগুলো হচ্ছে, আল-জাফরা-হুন, ওয়াদান এবং সোকা। মিসরাতা শহরে এনটিসি'র মুখপাত্র ফাতি বাশাঘা সাংবাদিকদের বলেন, "পুরো জাফরা অঞ্চল মুক্ত। সেখানে রাসায়নিক অস্ত্রের মজুদ রয়েছে। এটি এখন আমাদের যোদ্ধাদের নিয়ন্ত্রণে।" এনটিসি মঙ্গলবার ওয়াদান ঘেরাও করে এবং বুধবার সকালে ওয়াদান ও হুন এর মধ্যবর্তী ঘাঁটি দখলের পর হুন শহরটিও দখল করে। বিবিসি এ খবর দিয়েছে। তবে এনটিসি'র এ দাবি নিরপেক্ষ সূত্রে যাচাই করা যায়নি বলে জানিয়েছে রয়টার্স। অগাস্টে রাজধানী ত্রিপোলির পতনের পর গাদ্দাফি সমর্থকরা জাফরা, সাভা, বনি ওয়ালিদ ও সির্ত নিজেদের নিয়ন্ত্রণে রাখে। এনটিসির আরেক মুখপাত্র আহমেদ বানি বলেন, "আল মানশিয়া জেলা ছাড়া সাভা শহরের বেশিরভাগ অংশই আমাদের দখলে। তারা এখনও প্রতিরোধ লড়াই চালাচ্ছে। তবে এরও অবসান ঘটবে।" মঙ্গলবার সাভার একটি বিমানবন্দর ও দূর্গ দখলের পর বুধবার শহরের কেন্দ্রস্থলে এনসিটির যোদ্ধারা লড়াই করছে বলে সিএনএন'এর এক প্রতিবেদনে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭১৪ঘ.