জাতিসংঘ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের বাধা সত্বেও জাতিসংঘে পূর্ণ সদস্যপদ প্রাপ্তির আবেদন জানাতে দৃঢ় প্রতিজ্ঞ ফিলিস্তিন। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে পূর্ণ সদস্যপদ দিতে জাতিসংঘকে অনুরোধ করবেন বলে জানিয়েছেন দেশটির নেতারা।
এক বছর আগে, আসন্ন কূটনৈতিক বিপর্যয় এড়াতে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ফিলিস্তিনকে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্যে মর্যাদা দেওয়ার আহ্বান জানান।
এক বছর পর, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদকে বলেছেন, ওই সময়ের মধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রের জন্ম দেখার আশা করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও বলেছেন ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা তারও লক্ষ্য।
তবে জাতিসংঘের সাধারণ পরিষদে ওবামা বলেছেন, "কিন্তু প্রশ্ন আমাদের লক্ষ্য নিয়ে নয়, ওই লক্ষ্যে আমরা কীভাবে পৌঁছব তাই প্রশ্ন। আর আমি যা বুঝি তা হলো, কয়েক দশক ধরে চলা একটি সংঘাত নিরসনের কোন সংক্ষিপ্ত পথ নেই।"
ইসরায়েলের ক্রোধ ও যুক্তরাষ্ট্রের ভেটো দেওয়ার হুমকি সত্বেও, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব নিয়ে উদ্বিগ্ন ওবামা জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির আবেদন করা থেকে ফিলিস্তিনি নেতাদের বিরত রাখার চেষ্টা করছেন।
কিন্তু এসব কিছুর পরও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে বিরত করা যাচ্ছে না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে মহাসচিবের কাছে তিনি ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির আবেদন করবেনই।
বিষয়টি নিয়ে হোয়াইট হাউজে আব্বাসের সাথে আলোচনা করেছেন ওবামা। কিন্তু কোন ফল হয় নি। জাতিসংঘের পূর্ণ সদস্যপদ প্রাপ্তির আবেদন করার বিষয়ে আব্বাসকে দৃঢ় প্রতিজ্ঞ বলেই মনে হচ্ছে।
বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬তম সাধারণ আধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানের জাতিসংঘ মহাসচিব বান কি মুনও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও জাতিসংঘের পূর্ণ সদস্যপদ প্রাপ্তির দাবির সাথে একমত প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৩৫ ঘ.
bdnews24