টোকিও, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে ৬ জন নিহত ও ৬ নিখোঁজ হয়েছে। এ সময় প্রবল বৃষ্টি ও প্রচণ্ড বাতাসে বিপর্যস্ত হয়ে পড়ে ঘূর্ণিঝড় কবলিত এলাকাগুলো। তবে ফুকুশিমা পরমাণু প্রকল্পের কোন ক্ষতি হয় নি বলে জানা গেছে।
জাপান বুধবার শক্তিশালী ঘূর্ণিঝড় রোক এর কবলে পড়ে। ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে বয়ে যায় ঘূর্ণিঝড় রোক। প্রচণ্ড বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে পরিবহন ব্যবস্থা। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিতে জাপানের পূর্ব ও পশ্চিাঞ্চলের বিভিন্ন জায়গা তলিয়ে গেছে ।
সুনামি বিধ্বস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের ওপর দিয়ে ঝড়টি বয়ে গেলেও কেন্দ্রটির কোন ক্ষতি হয় নি বলে জানিয়েছেন কর্মকর্তারা।
চলতি বছরের মার্চের ভূমিকম্পপরবর্তী সুনামিতে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছেন প্রকৌশলীরা।
প্রচণ্ড বৃষ্টির কারণে তেজস্ক্রিয় পানি সাগরে মিশে যাওয়ার আশঙ্কা করা হচ্ছিলো। প্রাথমিক অনুসন্ধানে কোন তেজস্ক্রিয় পানি সাগরে মিশেনি বলে জানিয়েছেন প্রকল্পটির কর্মকর্তারা। তবে চূড়ান্ত অনুসন্ধান এখনো চলছে বলে জানিয়েছেন তারা।
টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি এলাকায় বিদ্যুৎহীন হয়ে পড়ে লাখ লাখ মানুষ। বন্ধ হয়ে গেছে টয়োটা মটর কর্পোরেশনসহ নিশান মটর এবং মিৎসুবিসি হ্যাভি ইন্ডাস্ট্রিজ এর কার্যক্রম।
টোকিও থেকে ২শ' কিলোমিটার পশ্চিমে হামামাৎসুর কাছে বুধবার স্থানীয় সময় দুপুর ২ টায় আঘাত হানে রোক। সাগরের জলোচ্ছ্বাস আছড়ে পড়ে উপকূলে। বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা।
জাপানের মধ্যাঞ্চলে নাগোয়া শহরের ১০ লাখেরও বেশি মানুষকে মঙ্গলবারের মধ্যে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বলা হয়েছিল। বুধবার থেকে নাগোয়ার সাথে রাজধানী টোকিওর সব ধরনের যোগাযোগ বন্ধ আছে।
ঘূর্ণিঝড়ের কারণে টোকিওর কম্যুটার ট্রেন সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছে। লাখ লাখ যাত্রী ট্রেন বন্ধ থাকায় বিপদে পড়েছে।
চলতি মাসে তালাস নামের আরেকটি ঘূর্ণিঝড়ের তান্ডবে দেশটির একশ' মানুষ নিহত বা নিখোঁজ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এবি/সিআর/১৩১৭ ঘ.
bdnews24