জাতিসংঘ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘে পূর্ণ সদস্যপদ প্রাপ্তির আবেদন জানাবেই ফিলিস্তিন। ওদিকে, যুক্তরাষ্ট্রও এ আবেদনে ভেটো দেবেই- বলেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে পূর্ণ সদস্যপদ দিতে জাতিসংঘকে অনুরোধ করার ব্যাপারে অটল প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
কিন্তু ওবামা তাকে স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে, জাতিসংঘ সদস্য পদের জন্য ফিলিস্তিনের আবেদনে তিনি ভেটো দেবেন। আব্বাসকে এ পরিকল্পনা বাদও দিতে বলেছেন ওবামা।
ওদিকে, আব্বাস এ বাধা উপেক্ষা করে জাতিসংঘে প্রস্তাব তোলায় অনড়। ওবামার সঙ্গে বৈঠকেও তিনি তা জানিয়ে দিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ওবামা বলেন, শুধু ইসরায়েলের সঙ্গে আলোচনার মাধ্যমেই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।
কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি সতর্ক করে দিয়ে বলেছেন, সাধারণ পরিষদে ফিলিস্তিনের আবেদনে ভেটো মধ্যপ্রাচ্যে আরেক দফা সহিংস পরিস্থিতি সৃষ্টি করতে পারে।
এক বছর আগে, আসন্ন কূটনৈতিক বিপর্যয় এড়াতে সারকোজি ফিলিস্তিনকে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্যের মর্যাদা দেওয়ার আহ্বান জানান।
এক বছর পর, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদকে বলেছেন, ওই সময়ের মধ্যেই ফিলিস্তিন রাষ্ট্রের অভ্যূদয় দেখার আশা করেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও বলেছেন, ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা তারও লক্ষ্য।
তবে জাতিসংঘের সাধারণ পরিষদে ওবামা বলেন, "কিন্তু প্রশ্ন আমাদের লক্ষ্য নিয়ে নয়, ওই লক্ষ্যে আমরা কীভাবে পৌঁছব তাই প্রশ্ন। আর আমি যা বুঝি তা হলো, কয়েক দশক ধরে চলা একটি সংঘাত নিরসনের কোন সংক্ষিপ্ত পথ নেই।"
ইসরায়েলের ক্রোধ এবং যুক্তরাষ্ট্রের ভেটোর ব্যাপারে ফ্রান্সের সতর্কবার্তার মুখেও ওয়াশিংটনের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে উদ্বিগ্ন ওবামা জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির আবেদন করা থেকে আব্বাসকে বিরত রাখার চেষ্টা করছেন।
কিন্তু তার এ চেষ্টা কাজে আসছে না। বিষয়টি নিয়ে হোয়াইট হাউজে আব্বাসের সঙ্গে আলোচনা করেছেন ওবামা। কিন্তু কোন ফল হয় নি।
বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬তম সাধারণ আধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুনও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও জাতিসংঘের পূর্ণ সদস্যপদ প্রাপ্তির দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/এলকিউ/১৯০৭ ঘ.
bdnews24