রামাল¬াহ, পশ্চিম তীর, ২১ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবির সমর্থনে বুধবার ফিলিস্তিনিরা পতাকা উড়িয়ে পশ্চিম তীরে মিছিল করেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতা উপেক্ষা করে আব্বাসের সমর্থনে রাস্তায় নামে তারা।
সবুজ, লাল, কালো ও সাদা রঙের ফিলিস্তিনের জাতীয় পতাকা হাতে মিছিলে অংশ নেওয়া ৫৯ বছর বয়সী সাবরিনা হুসেইনের উক্তি, "আমরা সবচেয়ে সাধারন অধিকারটি চাইছি, অন্যান্য জাতির মত একটি রাষ্ট্র।"
জাতিসংঘের আসনসূচক নীল রঙের বিশাল এক চেয়ার নিয়ে মিছিলে অংশগ্রহণ করে ফিলিস্তিনিরা। এছাড়া এক ভবন থেকে বিশাল আকৃতির একটি পতাকাও ঝোলানো ছিল। মিছিলে কয়েক হাজার ফিলিস্তিনি অংশ নিয়েছে।
ইসরায়েলের সামরিক তল্ল¬াশি কেন্দ্র থেকে অনেকটা দূরে এ মিছিল করে ফিলিস্তিনিরা। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই মিছিল হয়েছে।
ফিলিস্তিন কর্তৃপক্ষ এ মিছিলে অংশ নেওয়ার জন্য রামাল্ল¬াহ, বেথেলহেম, নাবলুস ও হেবরনে স্কুলের ছাত্র-ছাত্রী ও সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা করে।
১৯৯০ দশকের অন্তর্বর্তী শান্তি চুক্তি অনুযায়ী, ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সীমিত আকারে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে পেরেছে আব্বাসের ফিলিস্তিন কর্তৃপক্ষ।
ওয়াশিংটন বলছে, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি মিলবে শান্তি আলোচনার মাধ্যমে। কিন্তু ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পাওয়ার মাধ্যমে রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করতে চান।
এ লক্ষ্যে তিনি শুক্রবার জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে পূর্ণ সদস্যপদ লাভের আবেদন পেশ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫১ঘ.
bdnews24