২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লিবিয়া: সাবহার কিছু অংশ এনটিসি বাহিনীর দখলে

লিবিয়ার অন্তর্বর্তী সরকার বলেছে, তাদের বাহিনী পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির সর্বশেষ ঘাঁটিগুলোর অন্যতম সাবহা শহরের বিমানবন্দর এবং দূর্গ দখল করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2011, 10:34 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

বেনগাজি/বানি ওয়ালিদ, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার অন্তর্বর্তী সরকার বলেছে, তাদের বাহিনী পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির সর্বশেষ ঘাঁটিগুলোর অন্যতম সাবহা শহরের বিমানবন্দর এবং দূর্গ দখল করেছে। ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি)'র সামরিক মুখপাত্র আহমেদ বনি ত্রিপোলিতে সোমবার এক সাংবাদিক সম্মেলনে বলেন, " আমাদের বাহিনী বিমানবন্দর এবং দূর্গে রয়েছে। সেখানে আমাদের পতাকা উড়ছে।" তবে এনটিসি'র এ দাবি নিরপেক্ষ সূত্রে নিশ্চিত হওয়া যায়নি। ত্রিপোলির ৭৭০ কিলোমিটার দক্ষিণে সাবহার অবস্থান। এ শহরে এনটিসি বাহিনীর অগ্রসর হওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এনটিসি লিবিয়ার জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন ও 'স্বাধীনতা' ঘোষণার ২০ মাসের মধ্যে দেশটিতে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা 'রোডম্যাপ' তৈরি করেছে । "স্বাধীনতা" ঘোষণার আগে গাদ্দাফির দখলে থাকা তিনটি গুরুত্বপূর্ণ শহর অবশ্যই এনটিসি বাহিনীকে দখল করতে হবে। কিন্তু তারা বানি ওয়ালিদে হামলা চালিয়ে ব্যর্থ হয়েছে এবং গাদ্দাফি অনুগত বাহিনীর পাল্টা হামলায় যুদ্ধক্ষেত্র থেকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেছে। আর গাদ্দাফির জন্ম শহর সির্তে হামলা করে সেখানেও ব্যর্থ হয়ে ফিরে গেছে। সোমবার তারা সির্তে নতুন করে হামলা চালানোর প্রস্তুতি নেওয়ার কথা জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩৪ঘ.